দীর্ঘ সাত মাস পর বন্দরনগরীর রাস্তায় প্রকাশ্যে মিছিল করেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। গত জানুয়ারিতে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে অনেকটা ঘরোয়া কর্মসূচির মধ্যেই কার্যক্রম সীমিত ছিল দলটির। গাজায় ইসরাইলী হামলার প্রতিবাদে গতকাল কালো পতাকা নিয়ে নগরীর রাজপথে মিছিল করে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। মিছিলটি নগর বিএনপি’র কার্যালয় নাসিমন ভবন থেকে বের হয়ে জুবিলি রোড, এনায়েত বাজার হয়ে নিউ মার্কেট মোড়ে গিয়ে শেষ হয়। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচিতে নগর বিএনপি’র সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী, সহ সভাপতি আবু সুফিয়ান ও উত্তর জেলা বিএনপি’র আহ্বায়ক আসলাম চৌধুরী ছাড়া দলটির আর কোন শীর্ষ নেতাকে দেখা যায়নি। তবে ইসলামী ছাত্রশিবিরের বিপুল সংখ্যক নেতাকর্মী দলীয় ব্যানার নিয়ে মিছিলে অংশ নেন। মিছিল থেকে গাজায় ইসরাইলী আগ্রাসন বিরোধী স্লোগানের পাশাপাশি সরকার বিরোধী স্লোগান দেয়া হয়। মিছিলের সামনে ও পেছন দিকে প্রচুর পুলিশ ছিল।
