টানা বৃষ্টিতে কাপ্তাই লেকে বিদ্যুত্ উত্পাদন বেড়েছে

আপডেট : ১৬ আগস্ট ২০১৪, ২২:৫২
গত কয়েক দিনের টানা বৃষ্টিতে কাপ্তাই লেকে পানি উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পেয়েছে। আর পানি বাড়ায় কর্ণফুলী পানি বিদ্যুত্ কেন্দ্রে উত্পাদনও বেড়েছে। বিদ্যুত্ কেন্দ্রের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, কাপ্তাইয়ে বর্তমানে ৫টি জেনারেটরের মধ্যে সবগুলো সচল রয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত কাপ্তাই থেকে সর্বোচ্চ ২৪২ মেগাওয়াট বিদ্যুত্ উত্পন্ন হয়েছে। পানি বাড়ায় বিদ্যুত্ উত্পাদন বাড়লেও এর বেশি বিদ্যুত্ উত্পাদন করার ক্ষমতা কাপ্তাইয়ে নেই। কাপ্তাই লেকে সর্বোচ্চ ১০৯ ফুট এমএসএল পর্যন্ত পানি ধারণ ক্ষমতা রয়েছে। রুলকার্ভের হিসাবে গতকাল পর্যন্ত লেকে ৯৩.৮০ ফুট এমএসএল পানি থাকার কথা কিন্তু পানি রয়েছে ৯০ ফুট এমএসএল। এছাড়া ১০৯ ফুটের বেশি পানি ধারণ কাপ্তাই বাঁধের জন্য হুমকি। এর বেশি পানি হলে কাপ্তাই বিদ্যুত্ কেন্দ্রের স্পিলওয়ের ১৬টি গেট খুলে অতিরিক্ত পানি কর্ণফুলী নদীতে ছেড়ে দিতে হবে। তবে গত ৬ বছরের মধ্যে একবারও স্পিলওয়ের ১৬টি গেটের একটিও খোলার প্রয়োজন হয়নি। কর্ণফুলী পানি বিদ্যুত্ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মোঃ আবদুর রহমান বলেন, গত এক সপ্তাহ আগেও লেকে পানি ছিল ৮২ ফুট মিন সি লেভেল (এমএসএল)। বর্তমানে লেকে পানি বৃদ্ধি পাওয়ায় বিদ্যুত্ উত্পাদন বেড়েছে।