পিনাকের মালিকের ছেলে কারাগারে কাল রিমান্ড শুনানি

আপডেট : ১৬ আগস্ট ২০১৪, ২২:৫৭
এম এল পিনাক-৬ এর মালিক আবু বকর সিদ্দিকের ছেলে ওমর ফারুক লিমনকে গ্রেফতারের পর কারাগারে পাঠানো হয়েছে। গতকাল শনিবার বিকালে সাতদিনের রিমান্ড আবেদন জানিয়ে তাকে মুন্সীগঞ্জ আদালতে হাজির করে পুলিশ। আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আগামীকাল সোমবার রিমান্ড শুনানির দিন ধার্য করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এই তথ্য নিশ্চিত করে লৌহজং থানার ওসি মো. তোফাজ্জেল হোসেন জানান, বিআইডব্লিউটিএর দায়ের করা মামলায় তিন নম্বর আসামি লিমন। তিনি লঞ্চের তত্ত্বাবধায়ক ছিলেন, একইসঙ্গে লঞ্চের টিকিটও বিক্রি করতেন। কোর্ট ইন্সপেক্টর আব্দুল কুদ্দুস জানান, মামলার তদন্তের স্বার্থে এবং বাকি আসামিদের সন্ধানে লিমনকে রিমান্ডের আবেদন করা হয়েছে। কিন্তু ছুটির দিন থাকায় রিমান্ড শুনানি হয়নি। এর আগে বৃহস্পতিবার রাত ৩টার দিকে তাকে ঢাকা থেকে গ্রেফতার করে র্যাব শুক্রবার বিকালে লৌহজং থানায় হস্তান্তর করে। উল্লেখ্য, গত ৪ আগস্ট মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়ায় পদ্মায় ডুবে যায় পিনাক-৬ । এ দুর্ঘটনায় ৪৮ জন যাত্রীর লাশ উদ্ধার হয়েছে। সরকারি হিসাবে এখনও নিখোঁজ রয়েছে ৬২ যাত্রী। পরে মাওয়া নৌ পরিবহন পরিদর্শক (টিআই) জাহাঙ্গীর হোসেন ভুঁইয়া বাদী হয়ে ৬ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে। লঞ্চটির মালিকও গ্রেফতার হয়ে কারাগারে আছেন।