জোকস

আপডেট : ১৭ আগস্ট ২০১৪, ২০:০৩
 কথা বলা পাখি কেনার জন্য এক লোক গেলেন একটি পাখির দোকানে। সেখানে গিয়ে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর তিনি পাখির দোকানীর কাছে জানতে চাইলেন কোণার দিকের প্রথম খাঁচায় থাকা পাখিটার দাম কত পড়বে? ‘৩০০০ টাকা’, জানালেন দোকানি। ভদ্রলোক :কিন্তু সাধারণ একটা কথা বলা পাখির জন্য এত দাম কেন? দোকানি :এটা মোটেও সাধারণ কোনো পাখি নয়, স্যার। এটা একই সাথে বেশ কিছু গান গাইতে পারে এবং বাসায় অতিথি এলে স্বাগতও জানাতে পারে। ভদ্রলোক :বেশ, বেশ। আর ঐ ওপরের সারিতে থাকা টিয়া রঙের পাখিটার দাম কত? দোকানি :এটার দাম আরেকটু বেশি পড়বে। কারণ এই পাখিটা শুধু যে গানই পারে তাই নয়, বরং চার-পাঁচ লাইনের যেকোনো কথা এটিকে এক সপ্তাহের মধ্যেই শেখানো যায়। সবমিলিয়ে ৫০০০ টাকা খরচ করলে এটা আপনার জন্য দারুণ একটা পাখি হতে পারে। ভদ্রলোক :ওরে বাবা! তা আপনার কাছে কি আরও দামি কথা বলা পাখিও আছে না কি? দোকানি :জ্বি স্যার, আর একটা পাখিই আছে যেটার জন্য আমি এর চাইতে বেশি দাম চাই। ঐ যে দেখুন ঐ দ্বিতীয় সারিতে যে পাখি আছে ঐটা। ভদ্রলোক :তা, এই পাখিটার কী কী গুণ আছে শুনি? দোকানি :এই পাখিটার গুণ যে কী তা আসলে আমি নিজেও জানি না। তবে এতক্ষণ যে পাখিগুলোর কথা বললাম সেই পাখিগুলোসহ দোকানের আর তিনটা কথা বলা পাখিও একে বস বলে ডাকে। আর পাখিরাই যাকে বস বলে ডাকে তার মাঝে অবশ্যই বড় কোনো গুণ আছে!