সা ফ ল্য ..................................................

ওয়ার্ল্ড ব্র্যান্ড কংগ্রেস অ্যাওয়ার্ড পেয়েছেন মাহজাবিন ফেরদৌস

আপডেট : ১৭ আগস্ট ২০১৪, ২০:০৮
বিশ্বের সম্মানজনক অ্যাওয়ার্ড হিসেবে স্বীকৃত ওয়ার্ল্ড ব্র্যান্ড কংগ্রেস অ্যাওয়ার্ড পেয়েছে স্যামসাং বাংলাদেশ। যার পুরোধা ছিলেন প্রতিষ্ঠানটির বিটিএল এবং ডিজিটাল মিডিয়া ম্যানেজার মাহজাবিন ফেরদৌস। বিশ্বের ৫৩টি দেশকে পেছনে ফেলে সোস্যাল মিডিয়া ও অনলাইন প্লাটফর্মে সেরা কাজের স্বীকৃতি পেয়েছে স্যামসাংয়ের বাংলাদেশ শাখা। বেস্ট ইউস অব সোস্যাল মিডিয়া ইন মার্কেটিং’ ক্যাটাগরিতে এ অ্যাওয়ার্ড পায় প্রতিষ্ঠানটি। সম্প্রতি সিঙ্গাপুরে অনুষ্ঠিত ২৩তম ওয়ার্ল্ড ব্র্যান্ড কংগ্রেসে এ পুরস্কার গ্রহণ করেন মাহজাবিন ফেরদৌস। ২০১১ সালে স্যামসাং ইলেক্ট্রনিকস বাংলাদেশে যোগ দেন মাহজাবিন ফেরদৌস। মার্কেটিং বিশেষজ্ঞ হিসেবে বিশেষ সুনামও রয়েছে তার। সোস্যাল মিডিয়া এবং অনলাইন মিডিয়ার প্লাটফর্মে ব্র্যান্ড ও পণ্য প্রচারণার ক্ষেত্রে নতুন ধারা তৈরি করে এ সেক্টরে এখন তিনি সুপরিচিত মুখ। এর আগে ডেপুটি ম্যানেজার ছিলেন বিটপি অ্যাডভার্টাইজ লিমিটেডের কনসার্ন স্পটলাইন ইভেন্ট ম্যানেজমেন্ট লিমিটেড। কাজ করেছেন পজেটিভ অ্যাডভার্টাইজ, পেইপার রাইমসহ বিভিন্ন প্রতিষ্ঠানে। এসব প্রতিষ্ঠানে কাজের ক্ষেত্র হিসেবে নকিয়া, হুইসপার, নেসলে, সিটি ব্যাংক, ঈগলু, ইউসিবি, আল আমিন, সেনোফি, ডিবিএইচ, আইপিডিসিসহ বিভিন্ন ব্র্যান্ড প্রচারণায় ও ইভেন্টে তিনি সফলতা দেখিয়েছেন। তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে অগ্রসরমান বাংলাদেশের জন্য এই অ্যাওয়ার্ড ডিজিটাল দুনিয়ায় বেশ সুনাম এনেছে। প্রযুক্তি ক্ষেত্রে প্রতিষ্ঠিত অনেক দেশের সাথে প্রতিযোগিতায় সেরা হওয়া নিয়ে মাহজাবিন বলেন, ২০১১ সালের নভেম্বরে আমরা ডিজিটাল মার্কেটিংয়ের বিষয়ে চিন্তাভাবনা শুরু করি। সে সময় আমরা গ্যালাক্সি ওয়াই লঞ্চ করছিলাম। ফেইসবুকে একটি ফ্যান পেইজ দিয়ে যাত্রা শুরু হয় আমাদের। তখন বাংলাদেশে সোস্যাল মিডিয়া, ডিজিটাল মার্কেটিং এসব নিয়ে খুব কম প্রতিষ্ঠানই কাজ শুরু করেছে। কিউবি, গ্রামীণফোন একটু-আধটু কাজ শুরু করেছিলো। ফ্যান পেইজ খুলেই দেখলাম আমরা দারুণ সাড়া পাচ্ছি। আমরা অসাধারণ কিছু সুবিধা পেতে শুরু করলাম। আমাদের প্রচারণা ঠিক কতজনের কাছে পৌঁছালো তা জানতে পারছি। মানুষের সাথে সরাসরি যোগাযোগ তৈরি হচ্ছে। তাদের বিভিন্ন জিজ্ঞাসা ও পরামর্শ আসতে শুরু করল। আমরাও তাদের সাথে যোগাযোগ হালনাগাদ রাখলাম। অথচ অন্যান্য মিডিয়া থেকে যা আমরা পেতাম না। তিনি বলেন, ফ্যান পেইজের এই ফিডব্যাক ও আমাদের নতুন অভিজ্ঞতা নিয়ে আমরা গবেষণা শুরু করলাম। নতুন নতুন আইডিয়া ডেভেলপ হলো। ২০১২ সালে এসে বাংলাদেশে প্রথম অনলাইন রিয়েলিটি শো শুরু করলাম। রেক্সপোজড শুধু নতুন আইডিয়া নয় এটি দেশে এখন পর্যন্ত সবচেয়ে সফল অনলাইন ক্যাম্পেইন। এর প্রথম চারটি পর্বেই অফিসিয়াল ফেইসবুক ফ্যান পেইজে ১০ লাখ ভিউ পেয়েছে স্যামসাং। অনলাইন ভিডিওতে পর্যায়ক্রমে রিমিক্স কিং ফুয়াদ, রেডিও ফুর্তির আরজে অপু, হেভি মেটাল ব্যান্ড ক্রিপটিক ফেটের ভোকাল শাকিব চৌধুরী মাইলসের শাফিন আহমেদ, অভিনেত্রী নওশীন, হিল্লোলকে রেক্সপোজড করা হয়। বাংলাদেশে প্রথম অনলাইন গেইমের আইডিয়াটাও আমার। এখানেও মানুষের বিপুল অংশগ্রহণ ছিল।