নিয়োগপত্র পেয়েও চাকরি পায়নি প্রতিবন্ধী জেসমিন

আপডেট : ১৭ আগস্ট ২০১৪, ২০:৪৯
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের সুইপার পদের নিয়োগপত্র পাওয়ার পরও ঘুষ দিতে না পারায় চাকরি হয়নি প্রতিবন্ধী জেসমিনের। মহানগরীর কেল্লাবন্দ সিও বাজার এলাকার আব্দুল জব্বারের প্রতিবন্ধী কন্যা জেসমিন বেগম ২০১১ সালে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করে। তার নিয়োগ পরীক্ষা কার্ডের রোল নং- ৬৫১। পদবী সুইপার। নিয়োগ কমিটি জেসমিনকে উত্তীর্ণ করলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরিপত্রে ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্মারকে সে প্রতিবন্ধী কোটায় নিয়োগপ্রাপ্ত হন। সে সময় হাসপাতালের পরিচালক ডা. তৌফিকুল ইসলামের অনুমতিক্রমে যোগদানের জন্য জেসমিনের বাম হাতের পাঁচ আঙ্গুলের ছাপ নেয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ তাকে যোগদানের জন্য অফিসে যোগাযোগ করতে বলে। পরবর্তীতে অফিসের স্টেনোগ্রাফার রুহুল আমিন প্রতিবন্ধী জেসমিন ও তার মা লবুদার নিকট ২ লাখ টাকা দাবি করে বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ টাকা দিতে না পারায় সে চাকরিতে যোগদান করতে পারেনি। তার পরিবর্তে গঙ্গাচড়া উপজেলার গজঘন্টা রাজবল্লব মতলবের বাজার গ্রামের লাল মিয়ার কন্যা নুরবানুকে চাকরি দেয়া হয়। বর্তমানে নুরবানু প্রতিবন্ধী জেসমিনের নাম স্বাক্ষর করে সরকারি সকল সুযোগ-সুবিধা ভোগ করছে বলে অভিযোগ করা হয়েছে। ওই নিয়োগ প্রতিবন্ধী কোটায় সংরক্ষিত করার বিধান থাকলেও তা পূরণ করা হয়নি। গতকাল রবিবার রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের স্টেনোগ্রাফার রুহুল আমিনের সাথে যোগাযোগ করা হলে তিনি প্রতিবন্ধী জেসমিনের মা লবুদার নিকট ২ লাখ টাকা চাওয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ সবকিছু জানে। আমি এর কিছুই জানি না।