রায়গঞ্জে মন্দিরের অর্থ আত্মসাতের অভিযোগ

আপডেট : ১৭ আগস্ট ২০১৪, ২০:৫১
রায়গঞ্জে আদিবাসী অধ্যুষিত পল্লীতে একটি মন্দির সংস্কারের জন্য বরাদ্দকৃত অর্থ আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার সোনাখাড়া ইউনিয়নের আদিবাসীদের খৈচালা রাধাগোবিন্দ মন্দির সংস্কারকে কেন্দ্র করে। এ ব্যাপারে মন্দির কমিটির সদস্যগণ গত ১৩ এপ্রিল উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ করে স্থানীয় এমপি ও জেলা প্রশাসককে অনুলিপি প্রদান করেছেন। অভিযোগে বলা হয়, ঐ মন্দির কমিটির সভাপতি আশুতোষ চন্দ্র গত অর্থ বছরে মন্দিরের সংস্কার কাজে বরাদ্দকৃত ৮ মেঃ টন গম বিক্রির বেশিরভাগ টাকা আত্মসাত্ করেছেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে ৭ মে জেলা প্রশাসক তদন্তের নির্দেশ দেন। পরে রায়গঞ্জ এসিল্যান্ড সরেজমিন তদন্তের নিমিত্ত উভয়পক্ষকে ২৩ জুন মন্দির প্রাঙ্গণে উপস্থিত থাকার নির্দেশ দিয়ে পত্র দিলেও অজানা কারণে সে তদন্ত হয়নি। এব্যাপারে এসিল্যান্ড মোহাম্মদ এনামুল আহসানের সাথে যোগাযোগ করলে তিনি জানান, আগামী সপ্তাহের মধ্যেই তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।