সাতক্ষীরার কুশখালী সীমান্তের বিপরীতে ভারতের খলিশা এলাকায় বিএসএফ’র গুলিতে দুই বাংলাদেশি গরু রাখাল আহত হয়েছে। এদের মধ্যে একজনের নাম পরিচয় জানা গেলেও অপরজনের নাম পরিচয় জানা যায়নি। গতকাল রবিবার ভোরে কুশখালী সীমান্তের বিপরীতে ভারতের খলিশা এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তি হলেন, সদর উপজেলার ছয়ঘরিয়া গ্রামের আতিয়ার রহমানের ছেলে জিয়াউর রহমান (২৬)।
সদর উপজেলার কুশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু রায়হান জানান, বাংলাদেশি বেশ কয়েকজন গরু রাখাল ভারত থেকে গরু নিয়ে ফেরার সময় রবিবার ভোরে ভারতের বসিরহাট থানার খলিসা বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদেরকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে। গুলিতে জিয়াউর রহমানসহ দুইজন গরু রাখাল আহত হয় বলে তিনি জানান। গুলিবিদ্ধ জিয়াউর রহমানকে তার সঙ্গীরা উদ্ধার করে চিকিত্সার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বাকি অপরজনের অবস্থান সম্পর্কে তিনি কিছু বলতে পারেননি।
এ ব্যাপারে সাতক্ষীরা ৩৮ বিজিবি’র অপারেশন অফিসার মেজর এটিএম আহসান হাবিব ঘটনাটি শুনেছেন দাবি করে বলেন, ঘটনাটি ভারত ভুখণ্ডে না জিরো লাইনে তা খোঁজ-খবর নেয়া হচ্ছে।
