সংবাদ সংক্ষেপ

আপডেট : ১৭ আগস্ট ২০১৪, ২০:৫২
বামনায় ফলদ বৃক্ষমেলা শুরু বামনা (বরগুনা) সংবাদদাতা \ বরগুনার বামনায় গতকাল রবিবার উপজেলা পরিষদ চত্বরে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষমেলা শুরু হয়েছে। মেলার উদ্বোধন করেন বরগুনা ২ আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ সাইতুল ইসলাম লিটু মৃধা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি, ডেপুটি এটর্নি জেনারেল এড. হারুন অর রশীদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোশারেফ হোসেন জোমাদ্দার, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম সাব্বির ফেরদৌস তালুকদার, উপজেলা কৃষি অফিসার মোঃ সফি উদ্দিন প্রমুখ। চৌদ্দগ্রামে ছাত্রদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা \ কুমিল্লার চৌদ্দগ্রামে গতকাল রবিবার সকালে গরীব ও মেধাবী ছাত্রদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে উপজেলা ছাত্রশিবির। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিবির সভাপতি সাহাব উদ্দিন পাটোয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা শিবির সভাপতি আবদুর রব ফারুকী। প্রধান বক্তা ছিলেন উপজেলা জামায়াত আমীর সাহাব উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন শিবিরের জেলা অফিস সম্পাদক মাঈন উদ্দিন সোহাগ। পৌরসভা শিবির সভাপতি জোবায়ের মাসুমের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন শিবিরের উপজেলা সেক্রেটারী কফিল উদ্দিন, পৌর সেক্রেটারী রবিউল করিম শামীম, উপজেলা অর্থ সম্পাদক শাখাওয়াত হোসেন শামীম, শিক্ষা সম্পাদক নাজমুল হাসান প্রমুখ। পূর্বধলায় ভারতীয় কাঠ উদ্ধার পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা \ নেত্রকোনার পূর্বধলায় গতকাল রবিবার সকালে একটি পিকআপ ভর্তি ভারতীয় চোরাই কাঠ আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, গতকাল সকালে সীমান্তবর্তী দুর্গাপুর থেকে ভারতীয় চাম্বল কাঠ বোঝাই করে একটি পিকআপ ময়মনসিংহের দিকে যাচ্ছিল। এ সময় পূর্বধলা থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের ইলাশপুর চৌরাস্তায় পিকআপটিকে আটক করে। তবে পিকআপের চালক পালিয়ে যায়। পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুশফিকুর রহমান বলেন, এ ব্যাপারে থানায় মালা হয়েছে। মীর্জাগঞ্জে ব্র্যাকের মাঠ দিবস অনুষ্ঠিত মীর্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা \ গতকাল রবিবার সকালে মীর্জাগঞ্জ উপজেলার ভয়াং ব্লকে ব্র্যাকের কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচির আওতায় শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম। এসময় মজিদবাড়ীয়া ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের মহিলা মেম্বার মমতাজ বেগম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শেখর চন্দ্র দাস, ব্র্যাকের উপজেলা সিনিয়র ম্যানেজার মোঃ শহিদুল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন। কেন্দুয়ায় শেওড়া গ্রামে বিদ্যুত্ সংযোগ উদ্বোধন নেত্রকোনা প্রতিনিধি \ নেত্রকোনার কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের শেওড়া গ্রামে গত শনিবার বিকেলে এক দশমিক ছয় কিলোমিটার নতুন বিদ্যুত্ লাইনের সংযোগ উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু সুইচ টিপে নতুন এ সংযোগ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন, পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার আবুল কালাম আজাদ, সহকারী জেনারেল ম্যানেজার আফজাল হোসেন, আ’লীগ নেতা আসাদুল হক ভূঞা, ইউপি চেয়ারম্যান আবু তাহের, আ’লীগ নেতা বোরহান উদ্দিন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবীর আহম্মেদ খান রুজেলসহ দলীয় নেতা-কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। হবিগঞ্জে পবিত্র হজ্বযাত্রীদের বিশেষ প্রশিক্ষণ হবিগঞ্জ প্রতিনিধি \ হবিগঞ্জে পবিত্র হজ্বযাত্রীদের বিশেষ প্রশিক্ষণ দেয়া হয়েছে। গতকাল রবিবার কিবরিয়া পৌর মিলনায়তনে দিনব্যাপী এ প্রশিক্ষণ দেয়া হয়। হবিগঞ্জ পৌরসভার ব্যবস্থাপনায় প্রশিক্ষণ কর্মশালায় ১৬৪ জন পুরুষ-মহিলা হজ্বযাত্রী অংশ নেন। পৌর মেয়র জি কে গউছের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক। এতে বক্তৃতা করেন শায়খুল হাদিস আল্লামা তাফাজ্জুল হক, হাজী রইছ মিয়া, মাওলানা গোলাম সরওয়ার, আলী মোহাম্মদ চৌধুরী প্রমুখ। বাঞ্ছারামপুরে মাদক সম্রাট মানিক ও তার স্ত্রী গ্রেফতার বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলা ছলিমাবাদ ইউনিয়নের সাহেবনগর গ্রাম থেকে গত শনিবার সন্ধ্যায় ইউপি চেয়ারম্যান রোস্তম আলমের সহযোগিতায় বাঞ্ছারামপুর থানা পুলিশ মাদক ব্যবসায়ী মোঃ মানিক মিয়া (৪৫) ও তার স্ত্রী রহিমা বেগম (৪০)কে ৪৪ বোতল মদ, ৪শ’ গ্রাম গাঁজা, মাদকদ্রব্য বিক্রির ৬ হাজার টাকাসহ গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছেন। বাঞ্ছারামপুর থানা এসআই জাকির হোসেন জানান, মোঃ মানিক মিয়া দীর্ঘদিন যাবত্ এ ব্যবসা করে আসছে এবং সে একাধিক মামলার আসামি। তা ছাড়া ছলিমাবাদ গ্রামের মাদক ব্যবসায়ী ফজলু ফকির ও নগদ জালালীর আস্তানায় প্রকাশ্যে মদ, গাঁজা বিক্রি করে আসছে দীর্ঘদিন ধরে। পুলিশ কয়েকবার অভিযান চালিয়ে মাদক সেবনকারীদেরকে গ্রেফতারও করেছে, তারপরও মাদক ব্যবসা বন্ধ হয়নি। সন্ধ্যার পর জমে তাদের আস্তানায় মদ ও গাঁজার আড্ডা। বামনায় নারী স্বাস্থ্য অধিকার আন্দোলনের সভা বামনা (বরগুনা) সংবাদদাতা \ বরগুনা উপজেলার সাংবাদিক এবং নারীর স্বাস্থ্য অধিকার জোট সদস্যদের সাথে “নারীর নিরবচ্ছিন্ন ও মানসম্মত স্বাস্থ্য সেবা প্রাপ্তি এবং আমাদের করণীয়” বিষয়ক কর্মশালা গতকাল রবিবার বিকাল ৩টায় অনুষ্ঠিত হয়েছে। নারীপক্ষ ও সংকল্প ট্রাস্টের সহযোগিতায় অ্যাসেড এর বাস্তবায়নে সভায় বক্তব্য রাখেন নারীপক্ষর প্রকল্প ব্যবস্থাপক সামিয়া আফরীন, সংকল্পের নির্বাহী পরিচালক মির্জা এসআই খালেদ, নারীপক্ষের প্রকল্প কর্মকর্তা মাকসুদা খাতুন, জোবায়ের আহম্মেদ, অ্যাসেড এর নির্বাহী পরিচালক মো. নেছারউদ্দিন, বামনা প্রেসক্লাবের আহ্বায়ক মো.ওবায়দুল কবির আকন্দ, নারীর স্বাস্থ্য অধিকার জোটের সভাপতি রমেশ চন্দ্র হাওলাদার প্রমুখ। বাসদ নেতার মুক্তির দাবিতে নওগাঁয় মানববন্ধন নওগাঁ প্রতিনিধি \ বাসদের রাজশাহী জেলা আহ্বায়ক এবং তেল, গ্যাস ও খনিজ সম্পদ রক্ষা জাতীয় কমিটির জেলা সদস্যসচিব দেবাশীষ রায়ের নিঃশর্ত মুক্তির দাবিতে নওগাঁয় মানববন্ধন করেছে জেলা সিপিবি-বাসদ। গতকাল রবিবার ঘন্টাব্যাপী শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধন চলাকালে জেলা বাসদের সমন্বয়ক জয়নাল আবেদীন মুকুলের সভাপতিত্বে জেলা সিপিবির সভাপতি প্রদ্যুত্ ফৌজদার, বাসদ জেলা সদস্য কালিপদ সরকার, সাংস্কৃতি্ক ব্যক্তিত্ব রতন সাহা রঘু, জেলা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি জয়ন্ত বর্মন, উদীচী ফোরামের আতিক রহমান প্রমুখ বক্তব্য রাখেন। গাজীপুর সিটি কর্পোরেশনের বাজেট পেশ আজ গাজীপুর প্রতিনিধি \ গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র অধ্যাপক এম.এ মান্নান আজ ২০১৪-২০১৫ অর্থ বছরের বাজেট পেশ করবেন। এটি হবে সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়রের প্রথম আনুষ্ঠানিক বাজেট পেশ। সকাল এগারটায় সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে এই বাজেট ঘোষণা করা হবে। বাজেট অনুষ্ঠানে সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গসহ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত থাকবেন। চাটমোহরে হজ্বযাত্রীদের প্রশিক্ষণ চাটমোহর (পাবনা) সংবাদদাতা \ চাটমোহর হাজী সমিতির উদ্যোগে গত শনিবার ঐতিহাসিক শাহী মসজিদে হজ্বযাত্রীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। হাজী সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ জালাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে বক্তব্য দেন, হাজী সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব বদিউজ্জামান পাঠান, আলহাজ্ব ডাঃ আব্দুল মজিদ, আলহাজ্ব আব্দুর রাজ্জাক জকি, আলহাজ্ব আনিসুর রহমান মাষ্টার প্রমুখ। প্রশিক্ষণ পরিচালনা করেন আলহাজ্ব ক্বারী মোঃ আরশাদ আলী। সঞ্চালন করেন আলহাজ্ব মোঃ আলাউদ্দিন মিয়া। নালিতাবাড়ীতে জুয়াড়ি ও গাঁজা বিক্রেতা গ্রেফতার নালিতাবাড়ী (শেরপুর) সংবাদদাতা \ শেরপুরের নালিতাবাড়ী থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে শহরতলীর কাপাশিয়া গ্রাম থেকে আমির আলী (২৮), জাকির হোসেন (৩১), হামেদ আলী (২৫), সুজা মিয়া (২২), খায়রুল (২৮) ও সাদ্দাম হোসেন (২১) নামে ৬ জুয়াড়ি ও শিমুলতলী গ্রাম থেকে মজনু মিয়া নামে এক গাঁজা বিক্রেতাকে গ্রেফতার করেছে। জুয়াড়িরা কাপাশিয়ায় একটি দোকানে জুয়া খেলার সময় পুলিশ তাদের গ্রেফতার করেছে। এ ব্যাপারে জুয়া ও মাদক আইনে থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। ছাগলনাইয়ায় মাদক ব্যবসায়ীর ৩ মাসের জেল ছাগলনাইয়া (ফেনী) সংবাদদাতা \ ছাগলনাইয়া উপজেলার ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কের পূর্ব মধুগ্রাম এলাকা থেকে গতকাল রবিবার সকালে ৩০ লিটার বাংলা মদসহ হাতেনাতে আটক করে মাদক ব্যবসায়ী মোশারফ হোসেনকে (২৩) ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বিজিবি জানায়, চট্টগ্রাম জেলার মিরেশ্বরাই উপজেলার সরকার তালুক গ্রামের জাফর আহাম্মদের পুত্র পেশাদার মাদক ব্যবসায়ী মোশারফ হোসেন সিএনজিযোগে ৩০ লিটার মদ নিয়ে যাওয়ার সময় মধুগ্রাম বিওপির কোম্পানী কমান্ডার আবদুস সামাদের নেতৃত্বে বিজিবি’র একটি দল তাকে আটক করে। ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলামের নেতৃত্বে গঠিত ভ্রাম্যমাণ আদালত মাদক ব্যবসায়ী মোশারফ হোসেনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে জেলহাজতে প্রেরণ করে। ধামরাইয়ে বিএনপি’র আলোচনা সভা ধামরাই (ঢাকা) সংবাদদাতা \ বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ধামরাই উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সাবেক সাংসদ ব্যারিষ্টার জিয়াউর রহমান খানের পক্ষে উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী ডলি আক্তার ধামরাইয়ের পাঠানটোলায় তার বাসভবনে গত শনিবার সন্ধ্যায় অনুষ্ঠানটির আয়োজন করেন। সভাপতিত্ব করেন বিএনপি নেতা নুরুল হুদা। প্রধান অতিথি ছিলেন ধামরাই পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক খন্দকার আবু তাহের মুকুট। বিশেষ অতিথি ছিলেন পৌর যুবদলের সহ-সভাপতি মীর কবির আলী, টিএস খসরু, ফালান প্রমুখ। গৌরনদীতে দুই মাদক বিক্রেতা গ্রেফতার গৌরনদী (বরিশাল) সংবাদদাতা \ বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া খানাবাড়ি গ্রাম থেকে গত শনিবার সন্ধ্যায় পিস্তলের ৬ রাউন্ড গুলি ও ১০০ পিস ইয়াবাসহ ২ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার এস.আই মো. হাসানুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে খানাবাড়ি গ্রামের মীর কুতুব শাহে্র মাজার এলাকায় অভিযান চালায়। মাজারের সামনে রাস্তার ওপর থেকে কলাবাড়িয়া গ্রামের রুবেল খলিফা (২৫) ও বোরাদী গরঙ্গল জামালউদ্দিনকে (২৮) আটক করে। এ সময় রুবেল খলিফার দেহ তল্লাশি করে পিস্তলের ৬ রাউন্ড গুলি ও ১০০ পিস উদ্ধার করে পুলিশ। থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম জানান, এ ব্যাপারে এসআই মো. হাসানুজ্জামান বাদী হয়ে রুবেল খলিফা ও জামালউদ্দিন খলিফাকে আসামি করে গৌরনদী থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক ২টি মামলা দায়ের করেছে। রুবেলের স্বীকারোক্তি অনুযায়ী পিস্তল উদ্ধারের চেষ্টা করছে পুলিশ। চুয়াডাঙ্গায় দুই সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার চুয়াডাঙ্গা প্রতিনিধি \ পুলিশ গত শনিবার দিনগত রাত্রিতে ভিন্ন অভিযান চালিয়ে ময়না খাতুন ও নস্কর আলী নামে সাজাপ্রাপ্ত ২ জন পলাতক আসামিকে গ্রেফতার করেছে। সূত্র জানায়, গোপন খবরে অভিযান পরিচালনা করে চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশ নস্কর আলী মালিতা নামে এক সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত এলাকার গয়েসপুর গ্রামের মৃত হাজারী মালিতার পুত্র। সে আদালতের ১৮৩/২০১২ নং সিআর মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি। এদিকে জেলার দামুড়হুদা থানার পুলিশ একই রাত্রিতে থানা এলাকার চিত্লা নতুনপাড়া গ্রামের শামসুলের কন্যা ময়না খাতুনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ময়না খাতুন চুয়াডাঙ্গা আদালতের এসসি ৩৭/২০০৯ নং মামলার আড়াই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি।