নারায়ণগঞ্জে নিখোঁজ স্কুলছাত্র আদরের লাশ নদী থেকে উদ্ধার

আপডেট : ১৭ আগস্ট ২০১৪, ২১:৪১
নারায়ণগঞ্জে গত শনিবার বুড়িগঙ্গা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ স্কুল ছাত্র আদর চৌধুরীর (১২) লাশ গতকাল রবিবার দুপুরে নদী থেকে উদ্ধার করা হয়েছে। মৃত আদর চৌধুরী নারায়ণগঞ্জ মহানগর যুবদলের ১৫ নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক আনোয়ার চৌধুরীর একমাত্র ছেলে ও নগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নূরুল হক চৌধুরী দিপুর ভাতিজা। জয়গোবিন্দ স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র মৃত আদরের পারিবারিক সূত্রে জানা গেছে, গত শনিবার দুপুরে বন্ধুদের সাথে ঘুরতে বের হয় আদর। পরে তারা বুড়িগঙ্গা নদীতে গোসল করতে যায়। অন্যরা সকলে ফিরে আসলেও আদর বাসায় ফিরে না আসায় নারায়ণগঞ্জ সদর থানা, র্যাব, হাসপাতালসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। গতকাল সকালে বন্ধুদের জিজ্ঞাসা করলে তারা জানায়, আলীরটেকে বুড়িগঙ্গা নদীতে গোসল করতে গিয়ে আদর ডুবে যায়। এরপর নদীতে তল্লাশি চালিয়ে জাল দিয়ে ছেলেটির লাশ উদ্ধার করা হয়।