ফুলবাড়িতে বিজিবি ও রেল পুলিশে হাতাহাতি, ট্রেন ২০ মিনিট আটকা

আপডেট : ১৭ আগস্ট ২০১৪, ২১:৪২
শনিবার রাতে দিনাজপুরের ফুলবাড়ি রেলস্টেশনে ট্রেন তল্লাশি করে চোরাচালানি পণ্য জব্দকে কেন্দ্র করে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ও রেলওয়ে পুলিশ-জিআরপি’র মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনার কারণে ২০ মিনিট ধরে ট্রেনটি আটকা পড়ে স্টেশনে। এতে রেল যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়। প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা ও ট্রেনের যাত্রীরা বলেন, খুলনা থেকে চিলাহাটিগামী রকেট মেইল ট্রেনটি গত শনিবার রাত ১২টা ৩৭ মিনিটে ফুলবাড়ি রেলস্টেশনের আউটার সিগন্যালের কাছে দাঁড়ায়। এ সময় বিজিবি ফুলবাড়ি ৪০ ব্যাটালিয়নের একদল বিজিবি সদস্য ট্রেনে উঠে ট্রেনের যাত্রীদের মালামাল তল্লাশি শুরু করে। এ সময় ট্রেনের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রেলওয়ে পুলিশের সদস্যরা বিজিবি সদস্যদের তল্লাশিতে বাধা দিলে উভয়ের মধ্যে বচসা শুরু হয়। ট্রেনটি এ সময়ে আউটার সিগন্যাল ছেড়ে ফুলবাড়ি রেলস্টেশনে এসে দাঁড়ালে আরো কিছু বিজিবি সদস্য ট্রেনে উঠে। এর কিছুক্ষণের মধ্যেই বিজিবি ও রেলপুলিশের মধ্যে শুরু হয় হাতাহাতি। এ সময় আতঙ্কিত যাত্রীরা রাতের অন্ধকারেই ট্রেন থেকে নেমে নিরাপদ স্থানে যেতে ছোটাছুটি শুরু করেন। পরে স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে বিজিবি সদস্যরা ট্রেন তল্লাশি না করেই ফিরে গেলে ২০ মিনিট পর ১২টা ৫৭ মিনিটে ট্রেনটি স্টেশন থেকে ছেড়ে যায়। থানার এসআই মমিনুজ্জামান বলেন, ঐ সময় তিনি পৌর শহর টহলের দায়িত্বে ছিলেন। আউটার সিগন্যালের কাছে চিত্কার শুনে স্টেশনে গিয়ে দেখেন বিজিবি সদস্যরা চলে যাচ্ছে। পরে স্থানীয়দের কাছে ঘটনার কথা শুনেছেন। বিজিবি ফুলবাড়ি ৪০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহিদুর রশিদ বলেন, চোরাকারবারিদের মালামাল জব্দের ব্যাপারে দীর্ঘদিন থেকে রেল পুলিশ অসহযোগিতা করে আসছে।