নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, ১৯৭৪ সালে যে আমেরিকা বাংলাদেশে খাদ্য চুক্তির প্রতারণার মাধ্যমে দুর্ভিক্ষের সৃষ্টি করতে চেয়েছিল। বিএনপি তাদের সাথে আঁতাত করার মাধ্যমে আমেরিকার প্রেসক্রিপশন অনুযায়ী দেশ চালাতে চায়। বিএনপিকে সেই অপচেষ্টা চালাতে দেয়া যাবে না। বিদেশি প্রেসক্রিপশনে নয়, বাংলাদেশের সংবিধান ও জনগণের মতামতের ভিত্তিতেই দেশ চলবে। ২০১৩ সালে আন্দোলনের নামে তত্কালীন ১৯-দলীয় জোট যে সহিংসতা চালিয়েছে, মানুষ হত্যা করেছে, তাদেরও বিচারের সম্মুখীন করা হবে।
রবিবার সকালে পর্যটন কেন্দ্র কুয়াকাটার পাঞ্জুপাড়া গ্রামে সমুদ্রে চলাচলরত জাহাজ এবং জেলেদের জন্য ‘লাইট হাউস ও কোস্ট রেডিও স্টেশনের’ ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। নৌ মন্ত্রী আরো বলেন, পদ্মায় ডুবে যাওয়া লঞ্চ এম এল পিনাক-৬ নদীর তলদেশে শনাক্ত করা হয়েছে। নদীতে প্রচণ্ড ঘূর্ণি স্রোতের কারণে ডুবুরিরা নদীর তলদেশে যেতে সাহস পায়নি। এ কারণে লঞ্চটি উদ্ধার সম্ভব হয়নি। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর এম জাকিউর রহমান ভূঁইয়া পিএসসি বিএন।
