আলফ্রেড সরেনের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ

আপডেট : ১৭ আগস্ট ২০১৪, ২১:৪৩
আদিবাসী নেতা আলফ্রেড সরেনের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ। দীর্ঘ ১৪ বছরেও শেষ হয়নি আলফ্রেড সরেন হত্যা মামলার বিচার। দীর্ঘদিনেও বর্বর এ হত্যাকাণ্ডের বিচার শেষ না হওয়ায় হতাশ হয়ে পড়েছেন বাদীর পরিবার। খাস জমি নিয়ে বিরোধের জের ধরে ২০০০ সালের ১৮ আগস্ট কুখ্যাত জোতদার হাতেম ও গদাইয়ের লাঠিয়াল বাহিনী আদিবাসী নেতা আলফ্রেড সরেনকে নির্মমভাবে হত্যা করে। আলফ্রেড সরেনের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় আদিবাসী পরিষদ আজ ১৮ আগস্ট দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে। জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সবিন চন্দ্র মুন্ডা জানান, আজ সকাল ৯টায় ভীমপুরে আলফ্রেড সরেনের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও আলফ্রেড সরেন হত্যার বিচারের দাবিতে মুক্তির মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।