টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় পঞ্চম স্থানে উঠে এলেন শ্রীলংকার তারকা ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে পাকিস্তানের বিপক্ষে চলমান দ্বিতীয় ও শেষে টেস্টের তৃতীয় দিন দ্বিতীয় সেশনে সাঈদ আজমলের বলে বাউন্ডারি হাঁকিয়ে ২৬ রান সংগ্রহ করে তালিকার পঞ্চম স্থান নিশ্চিত করেন সাঙ্গাকারা। ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তী ব্রায়ান লারার ১১,৯৫৩ ছাড়িয়ে সাঙ্গাকারা এখন ১২০০০-এর মাইল ফলক থেকে ৪৫ রান পেছনে রয়েছেন।
দীর্ঘদিনের সতীর্থ ও বিদায়ী ম্যাচ খেলা মাহেলা জয়াবর্ধনেকে পেছনে ফেলে শ্রীলংকান ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি রানের মালিক সাঙ্গাকারা পাকিস্তানি স্পিনার আব্দুর রেহমানের বলে উপুল থারাঙ্গা আউট হলে এ দিন ব্যাট হাতে মাঠে নামেন। ২০০০ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শ্রীলংকার হয়ে টেস্ট অভিষেক ঘটা সাঙ্গাকারা এ পর্যন্ত ১২৭টি টেস্ট খেলেছেন। তার ব্যাটিং গড় ৫৮.৯৪। সর্বোচ্চ টেস্ট ম্যাচ খেলা খেলোয়াড়দের তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছেন তিনি।-বাসস
টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রহকারী পাঁচ খেলোয়াড়
খেলোয়াড় দল রান
শচিন টেন্ডুলকার ভারত ১৫,৯২১
রিকি পন্টিং অস্ট্রেলিয়া ১৩,৩৭৮
জ্যাক ক্যালিস দ. আফ্রিকা ১৩, ২৮৯
রাহুল দ্রাবিড় ভারত ১৩, ২৮৮
কুমার সাঙ্গাকারা শ্রীলংকা ১১,৯৫৫
