লিভারপুলের শুভ সূচনা

আপডেট : ১৭ আগস্ট ২০১৪, ২২:০৪
ড্যানিয়েল স্টুরিজের শেষ দিকে দেয়া গোলে গেলবারের রানার্স আপ লিভারপুল জয় দিয়েই শুরু করলো ইংলিশ প্রিমিয়ার লিগের এবারের মৌসুম। যদিও নিজ মাঠে সাউদাম্পটনকে ২-১ গোলে হারাতে তাদের বাড়তি ঘাম ঝরাতে হয়। এর আগে শনিবার লিগের উদ্বোধনী দিনের খেলায় ম্যানচেষ্টার ইউনাইটেড হারলেও আর্সেনাল ২-১ গোলে ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে জয়ী হয়। লিভারপুল ২৩ মিনিটে রাহিম স্টার্লিংয়ের গোলে এগিয়ে গেলেও অতিথিদের হয়ে নাথানিয়েল ক্লাইন বিরতির পর তা শোধ করে দেন। কোচ ব্রেন্ডন রজার্সের দল এরপর ৭৯ মিনিটে স্টুরিজের একেবারে কাছে থেকে দেয়া গোলে হাফ ছেড়ে বাঁচে। বলটি জুগিয়েছিলেন স্টার্লিং। এদিকে ম্যানচেষ্টার ইউনাইটেডের নতুন ম্যানেজার লুই ফন গল জানিয়েছেন, তার আমলের সূচনায় ওল্ড ট্র্যাফোর্ডে সম্ভাব্য সবচাইতে বাজে হারটির পর খেলোয়াড়দের আত্মবিশ্বাস ‘দুমড়ে মুছড়ে’ যাবে। ডাচ কোচ লুই ফন গলের অধীনে মৌসুমের শুরুতে ছয়টি প্রীতিম্যাচে জিতে ভাল প্রস্তুতিই নিয়েছিল শিরোপ পুনরুদ্ধারে মরিয়া ইউনাইটেড। কিন্তু এরপরও দলটিকে গত শনিবার রাতে নিজ মাঠে অনুষ্ঠিত খেলায় ১-২ গোলে হারতে হয় সোয়ানসির মতো ছোট দলের কাছে। ইংলিশ জায়ান্টদের অমন হারের পর বৃটিশ ক্রীড়া ভাষ্যকাররা পুরো ব্যাপারটিকে নতুন মৌসুম, নতুন কোচ পুরনো সমস্যা বলে মত দেন। ফন গল নিজেও বলেন, ‘আপনার যখন পুরো প্রস্তুতি নিয়েছেন, জিতেছেন সবকিছু, এরপর যদি প্রথম ম্যাচটিই হারেন, তাহলে এরচাইতে বাজে কিছু হতে পারে না। আমরা অনেক আত্মবিশ্বাস গড়ে তুলেছিলাম। এই হারের কারণে এটা গুঁড়িয়ে যাবে।’ সোয়ানসির এ জয় হলো ক্লাবটির ইতিহাসে ওল্ড ট্র্যাফোর্ডে লিগের খেলায় প্রথম জয়। ম্যান ইউ’র জন্য এটা হলো ৪২ বছরের মধ্যে প্রথমবারের মতো মৌসুমের প্রথম দিনেই নিজের মাঠে হারা। ১৯৭২ সালে দলটি সর্বশেষ এরকম প্রথম দিনে ইপসউইচের কাছে ২-৩ গোলে হেরেছিল। এ যেন কোচ ডেভিড ময়েসের অধীনে গত মৌসুমে নিজ মাঠের দুর্দশারই প্রতিধ্বনি। ময়েসের অধীনে ক্লাবটি গেলবার নিজ মাঠে সাত খেলায় হেরেছিল। এই হারগুলোর মধ্যে একটি ছিল সোয়ানসির কাছে এফএ কাপের খেলায়। নতুন কোচ ফন গল জুলাইয়ে যোগ দিলেও ইউনাইটেড দলকে যথেষ্ঠ গুরুত্বের সাথে শক্তিশালী করতে পারেনি। তাছাড়া দলটির কিছু খেলোয়াড় আছেন ইনজুরিতে, অন্যদের মধ্যে কেউ কেউ এখনো ফিট নন। তাই নেদারল্যান্ডসকে এবারের বিশ্বকাপে তৃতীয় স্থান পাইয়ে দেয়া কোচটিকে ম্যানচেষ্টার ইউনাইটেডের একাডেমির দুজন খেলোয়াড়কে মাঠে নামাতে হয় এদিন। এ মৌসুমে সই করানো খেলোয়াড়দের মধ্যে তিনি এদিন কেবল একজনকে মাঠে নামাতে পেরেছিলেন। তিনি হলেন দুই কোটি ৯০ লাখ ডলারে কেনা মিডফিল্ডার আন্ডের হেরেরা। তবে ফুটবল বোদ্ধারা মৌসুম শুরুর ইতোপূর্বে বলছিলেন ২ সেপ্টেম্বর খেলোয়াড় কেনা বেচার মৌসুম শেষ হয়ে যাওয়ার আগে ম্যানইউকে আরো খেলোয়াড় কিনতে হবে। এখন ফন গলও তাই বলছেন। যদিও কোচটি জানান যে, সোয়ানসির কাছে হারের আগে থেকেই তিনি এমনটা মনে করতেন। আবার এটাও ঠিক যে ফন গল জুলাইয়েই বলেছিলেন যে, সচরাচর কোন ক্লাবে তার পদ্ধতি প্রয়োগের সুফল পেতে তিন মাস লাগে। আর ওই সময়টায় আগের মতোই দুর্দশা যাবে। বিবিসি স্পোর্ট।