মারিয়া শারাপোভাকে তিন সেটের এক নাটকীয় লড়াইয়ে ৬-২, ৫-৭, ৭-৫ গেমে হারিয়ে সিনসিনাটি ওপেনের ফাইনালে উঠেছেন আনা ইভানোভিচ। স্নায়ু চাপ এবং চোট সামলে ফাইনালে পৌঁছা ইভানোভিচ গতকাল রাতেই শিরোপা লড়াইয়ে মুখোমুখি হয়েছেন সেরেনা উইলিয়ামসের। শেষ চারের অন্য ম্যাচে, ক্যারোলিন ওজনিয়াকিকে হারিয়ে ফাইনালে পৌঁছান সেরেনা।
এদিকে, পুরুষ এককের ফাইনালে লড়বেন ত্রিশোর্ধ্ব দুই তারকা রজার ফেদেরার এবং ডেভিড ফেরার। সেমিফাইনালে সহজ জয় পেয়েছেন দু’জনেই।
প্রথম সেটটি সহজেই জিতে নেয়া ইভানোভিচ দ্বিতীয় সেটেও এগিয়েছিলেন ৫-২ গেমে। সেখান থেকে হঠাত্ করেই ঘুরে দাঁড়ান শারাপোভা। দুর্দান্ত কিছু ব্যাকহ্যান্ড-ফোরহ্যান্ডে এক সময় ইভানোভিচকে ছুঁয়ে ফেলেন তিনি। পরবর্তীতে ৭-৫ গেমে সেটটি জিতেও যান এই রাশিয়ান গ্ল্যামার কুইন।
এরপর, ফলাফল নির্ধারক তৃতীয় সেটের দ্বিতীয় গেমে হঠাত্ করেই র্যাকেট ছেড়ে কোর্টের পাশে শুয়ে পড়েন ইভানোভিচ। বেশ কিছুক্ষণ চিকিত্সা নেয়ার পর আবার খেলা শুরু করেন এই সার্বিয়ান। নাটকীয়তায় ভরা এই শেষ সেটে শেষ পর্যন্ত জয় পান ৭-৫ গেমে।
জিতলেও ম্যাচ শেষে প্রতিপক্ষের লড়াকু মানসিকতার প্রশংসা করতে ভুল করেননি এই সাবেক এক নম্বর। তিনি বলেন, ‘শারাপোভা সত্যিকারের এক যোদ্ধা। একটি সেট এবং ৫-২ ব্যবধানে এগিয়ে থাকা অবস্থায় হঠাত্ করেই আমি স্থবির হয়ে পড়ি। আমি পা নাড়াতে পারছিলাম না। সে (শারাপোভা) একজন চ্যাম্পিয়নের মতোই প্রাপ্ত সুযোগগুলো কাজে লাগিয়েছে।’
তবে শেষ পর্যন্ত নিজেকে ফিরে পেয়ে দারুণ খুশি ইভানোভিচ, ‘তৃতীয় সেটে ঘুরে দাঁড়াতে আমার ছন্দ ফিরে পাবার বিকল্প ছিল না। আমি অনেকটা আবেগাক্রান্ত হয়ে পড়েছিলাম। মারিয়া একজন যোদ্ধা এবং সে কখনোই হাল ছাড়েনি। তবে আমি শান্ত থেকেছি।’
শিরোপার জন্য সেরেনার বিরুদ্ধে যে কঠিন এক পরীক্ষা দিতে হবে ইভানোভিচ স্বীকার করেছেন সেটাও। তবে ম্যাচের চাইতে নিজের সুস্থতা নিয়েই বেশি চিন্তিত তিনি, ‘খুব কঠিন একটা ম্যাচ হবে এটা। তবে তার আগে সুস্থতার প্রশ্ন। তবে সেরা খেলোয়াড়টির বিরুদ্ধে খেলা এবং নিজেকে পরীক্ষা করাটা মজারও বটে।’
অন্য সেমিফাইনালে সেরেনা ২-৬, ৬-২, ৬-৪ গেমে হারিয়েছেন ওজনিয়াকিকে। মাত্র দুই সপ্তাহ আগে স্ট্যানফোর্ডে ক্যারিয়ারের ৬১তম ডব্লিউটিএ শিরোপা জেতা সেরেনা অবশ্য প্রথম সেটটি হেরে ভক্তদের দুশ্চিন্তায় ফেলে দিয়েছিলেন। তবে শেষ দুই সেটে অনায়াসে জয় নিয়ে ফাইনালের পাশাপাশি এ মৌসুমে নিজের জয়ের রেকর্ডকে ৩৭ এ উন্নীত করেছেন সেরেনা।
ম্যাচ শেষে মহিলা টেনিসের এক নম্বর তারকাটি বললেন, সন্তোষের কথাই, ‘আমার শুরুটা ভাল হয়নি। তবে আমি জানতাম আমি পারবো। আমার প্রয়োজন ছিল নিজের সর্বস্ব ঢেলে দেয়া।’
স্ট্যানফোর্ডে শিরোপার পর মন্ট্রিলে রজার্স কাপের সেমিফাইনালেও খেলেছিলেন সেরেনা। সেখানে তাকে হেরে যেতে হয় বড় বোন ভেনাসের কাছে।
এদিকে, পুরুষ এককের সেমিফাইনালে ফেদেরার উড়িয়ে দিয়েছেন মিলোস রায়োনিককে। ৬-২, ৬-৩ গেমে এই জয়ের ফলে কানাডিয়ান খেলোয়াড়টির বিরুদ্ধে এ পর্যন্ত খেলা ছয়টি ম্যাচের সবগুলোতেই জয় পেলেন ফেদেরার। সিনসিনাটিতে রেকর্ড ষষ্ঠ শিরোপার জন্য ফেরারের বিরুদ্ধে খেলবেন ফেদেরার। অন্য সেমিফাইনালে এই স্প্যানিয়ার্ড ৬-৩, ৬-২ গেমে হারিয়েছেন ফ্রান্সের জুলিয়ান বার্তেমেউকে। এএফপি
