রিয়াল মাদ্রিদ গত শনিবার রাতে পোল্যান্ডের ওয়ারশতে ফিওরেন্তিনার কাছে প্রীতিম্যাচে ২-১ গোলে হেরে যাওয়ায় শুরুটা ভালো হলো না স্প্যানিশ জায়ান্টদের হয়ে অভিষেক নেয়া গোলরক্ষক কেইলর নাভাসের। যদিও পরাজয় দিয়ে অভিষেকের পরও সন্তুষ্টি ব্যক্ত করেছেন কোস্টারিকার এই ফুটবলার।
নাভাস ম্যাচটিতে পুরো ৯০ মিনিটই খেলেন। যদিও ম্যারিও গোমেজ এবং মার্কোস আলোনসোর গোলে বিজয়ের হাসি হেসেছে ইতালির ফিওরেন্তিনাই। রিয়ালের হয়ে একমাত্র গোলটি করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
নাভাস খেলা শেষে বলেন, ‘দুর্ভাগ্যবশত আমরা জিততে পারিনি। কিন্তু আমি ভালো অনুভব করেছি এবং দলও ভালো অনুভূতি নিয়ে মাঠ ছেড়েছে। প্রথমবার নতুন সতীর্থদের সঙ্গে খেলতে নামাটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আমাদের কাজ চালিয়ে যাওয়ার পাশাপাশি প্রতিদিনই উন্নতি করা দরকার।’
রিয়ালের প্রথম পছন্দের গোলরক্ষক হতে হলে ইকার ক্যাসিয়াসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে ২৭ বছর বয়সী নাভাসকে। এ ক্ষেত্রে অবশ্য কোনো বিতর্কের কারণ হতে চান না বলে জানালেন তিনি, ‘আমি খুবই শান্ত প্রকৃতির মানুষ। কারো ব্যাপারে আমার ভুল হোক, সেজন্য আমি এখানে আসিনি। বিনয়ের সঙ্গে দৈনন্দিন কাজ ও কঠিন পরিশ্রম করতেই এখানে এসেছি। কোচ যখন প্রয়োজন অনুভব করবেন, তখনই আমি খেলবো। খেলার জন্য আমি গলা বাড়িয়ে রাখবো না। প্রতিদিনই আমি কঠিন পরিশ্রম করবো।’
রিয়াল এখন স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে বুধবার মুখোমুখি হবে। এটা দিয়েই কোচ কার্লো অ্যানচেলোত্তির দলের হয়ে প্রথম শিরোপা জিততে পারেন নাভাস।
এ ব্যাপারে তিনি বলেন, ‘এখন আমি পরের ম্যাচ নিয়ে ভাবছি। লড়াইটা আমরা জিততে চাই এবং একটি বিজয়ী মানসিকতা অর্জন করতে চাই। ম্যাচটি নিয়ে আমাদের দল অনেক অনুপ্রাণিত। আমরা জানি এটা একটি বড় শিরোপা এবং এটা জিততে সবকিছু দিয়েই লড়বো।’—সকারওয়ে।
