স্প্রিন্ট কিং উসাইন বোল্ট স্পন্সরদের অনুরোধে নিজের অবসর পরিকল্পনা পেছালেন। জ্যামাইকান এই অ্যাথলেট জানান, স্পন্সরদের অনুরোধে ২০১৭ সাল পর্যন্ত দৌড়াবেন তিনি। ছয়বারের অলিম্পিক স্বর্ণ জয়ী এবং ১০০ ও ২০০ মিটারে বিশ্ব রেকর্ডধারী বোল্ট ২০১৬ সালের রিও ডি জেনিরো অলিম্পিক গেমসের পর ট্র্যাক থেকে অবসর নেয়ার ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু গত শুক্রবার এক সংবাদ সম্মেলনে ২৭ বছর বয়সী এই অ্যাথলেট জানান, তিনি অতিরিক্ত আরো এক বছর বেশি দৌড় অব্যাহত রাখবেন। বোল্ট বলেন, ‘আমার মনে হচ্ছে আমি আরো এক বছর দৌড়াচ্ছি। আমার স্পন্সররা আরো এক বছর দৌড় অব্যাহত রাখার অনুরোধ করেছেন। সুতরাং আমি ২০১৭ সাল পর্যন্ত দৌড়াচ্ছি।’ এ পরিকল্পনায় অনড় থাকলে বোল্টের শেষ প্রতিযোগিতা হতে পারে লন্ডনে অনুষ্ঠিতব্য ২০১৭ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপ।
