আনন্দঘন পরিবেশে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা গতকাল রবিবার সিলেটের সুরমা নদীতে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ রোইং ফেডারেশনের ব্যবস্থাপনায় ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার তত্ত্বাবধানে ঐতিহাসিক ক্বীন ব্রিজের কাছে সুরমা নদীতে সপ্তমবারের মতো এ প্রতিযোগিতার আয়োজন করে বাংলালিংক। তিনটি গ্রুপে এতে ১২টি নৌকা অংশ নেয়। ‘এ’ গ্রুপে কোম্পানীগঞ্জ পুটামারার এখলাছুর রহমান, ‘বি’ গ্রুপে সাইদুর রহমান ও ‘সি’ গ্রুপে আতাউর রহমান চ্যাম্পিয়ন হোন।
উত্সুক মানুষ দুপুরের আগে থেকেই প্রবল বৃষ্টি উপেক্ষা করে সিলেট নগরীর চাঁদনীঘাট এলাকায় ভিড় জমাতে থাকে। মঞ্চে উপস্থিত হোন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
এ সময় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, গ্রাম-বাংলার ঐতিহ্য নৌকা বাইচ এক সময় হারিয়ে যেতে বসেছিল। এ ঐতিহ্য ধরে রাখতে হবে। এজন্য প্রতিবছর নৌকা বাইচ প্রতিযোগিতা হবে বলে তিনি আশা প্রকাশ করেন। মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, নৌকা বাইচ প্রতিযোগিতার মাধ্যমে সিলেটের ক্বীন ব্রিজ এলাকা মিলন মেলায় পরিণত হয়েছে। মানুষের এ উচ্ছ্বাস ধরে রাখতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেটের বিভাগীয় কমিশনার ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি সাজ্জাদুল হাসান।
