আসামি ছিনতাই

রামগঞ্জে ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ১০

আপডেট : ১৭ আগস্ট ২০১৪, ২২:১৩
জেলার রামগঞ্জ উপজেলায় ৮নং করপাড়া ইউনিয়ন পরিষদ থেকে গতকাল রবিবার দুপুরে হ্যান্ডকাফসহ আসামি ছিনতাইয়ের ঘটনায় পুলিশ করপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবুল হক মজিব, ইউপি সদস্য বেলাল, কালু মেম্বার, রুহুল আমিনসহ ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রামগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে করপাড়া ইউনিয়ন পরিষদে গতকাল দুপুরে অভিযান চালিয়ে হত্যা মামলার পলাতক আসামি করপাড়া গ্রামের পাছ হাজারী বাড়ির আলী আহম্মেদের ছেলে সাইফুল ইসলাম মিঠুকে গ্রেফতার করে। এ সময় ইউপি চেয়ারম্যান মজিবুল হক মজিব ও মিঠুর লোকজনের সাথে পুলিশের বাকবিতণ্ডার এক পর্যায়ে মিঠু গ্রুপের অনুসারীরা হ্যান্ডকাফসহ তাকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় উত্তেজিত জনতা ইউপি চেয়ারম্যানের বাড়িতে জড়ো হলে পুনরায় অতিরিক্ত পুলিশ ও ডিভি পুলিশ যৌথ অভিযান চালিয়ে ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যসহ ১০ জনকে গ্রেফতার করে। এ সময় সংঘর্ষে রুবেল হাওলাদর, মুক্তিযোদ্ধা মফিজুর রহমান, ইউপি চেয়ারম্যানের বৃদ্ধ মা ও স্ত্রীসহ কয়েকজন আহত হন। সংঘর্ষে চলাকালে উভয়পক্ষের মধ্যে কয়েক রাউন্ড গুলি বিনিময়েরও ঘটনা ঘটে। থানার ডিউটি অফিসার এসআই মোজাম্মেল হক জানান, করপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মজিবুল হকসহ ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।