কারফিউ ভেঙ্গে বিক্ষোভ গুলিতে আহত এক

আপডেট : ১৭ আগস্ট ২০১৪, ২২:৫৬
যুক্তরাষ্ট্রের মিসৌরির ফার্গুসনে কারফিউ ভেঙ্গে পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে বিক্ষোভকারীরা। গতকাল রবিবার ভোরের দিকে এই সংঘর্ষ হয়। রাতে গুলিতে একজন আহত হয়। তবে তাকে কারা গুলি করেছে কিংবা কেন গুলি করা হয়েছে তা নিশ্চিত করা যায়নি। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গতকাল পুলিশ টিয়ারগ্যাস ও স্মোকবোমা ব্যবহার করে। মানবাধিকার কর্মী আল-শার্পটন এই সহিংসতা বন্ধের জন্য আহ্বান জানিয়েছেন। পুলিশ জানিয়েছে তাদের একটি গাড়ি লক্ষ্য করেও গুলিবর্ষণ করা হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি। খবর বিবিসি, এএফপি ও রয়টার্সের। এর আগে মিসৌরির গভর্নর জে নিক্সন সেন্ট লুইর শহরতলি ফার্গুসনে জরুরি অবস্থা ঘোষণা করে কারফিউ জারি করেন। ৯ আগস্ট পুলিশ ফার্গুসনে নিরস্ত্র এক কৃষ্ণাঙ্গ কিশোরকে গুলি করে হত্যার ঘটনায় জাতিগত দাঙ্গা ছড়িয়ে পড়ার পর লুটপাট ঠেকাতে তিনি এই ব্যবস্থা গ্রহণ করেন বলে জানান। এর আগে ২০১২ সালের ফেব্রুয়ারি মাসে অপর এক নিরীহ কিশোর পুলিশের গুলিতে নিহত হয়। নিক্সন সাংবাদিকদের বলেছেন, ‘ফার্গুসনের জনগণের জানমাল রক্ষায় আমি জরুরি অবস্থা ঘোষণার একটি নির্দেশ পত্র স্বাক্ষর করেছি এবং ফার্গুসনের দাঙ্গা ছড়িয়ে পড়া এলাকায় কারফিউ কার্যকর করার নির্দেশ দিয়েছি।’ কারফিউ মধ্যরাত থেকে ভোর ৫টা পর্যন্ত বলবত্ থাকবে। প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রায় দেড়শ’ লোক কারফিউ উপেক্ষা করে রাস্তায় নেমে আসে। কারফিউ ঘোষণায় বেঁধে দেয়া সময় মধ্যরাতের আগে চলে যেতে বিক্ষোভকারীরা অস্বীকার করায় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে স্মোক বোম (ধোঁয়া বোমা) বর্ষণ করে। শনিবার সন্ধ্যায় কারফিউ কার্যকর হওয়ার কয়েক ঘণ্টা আগে খারাপ আবহাওয়ার মধ্যে কয়েকশ’ বিক্ষোভকারী ফার্গুসনের প্রধান সড়কে অবস্থান নেয়। এদের মধ্যে অনেক বিক্ষোভকারী শান্তিপূর্ণভাবে চলে গেলেও অন্যরা সেখানে অবস্থান করে কারফিউ মানি না, মানবো না বলে স্লোগান দিতে থাকে। এক্ষেত্রে পুলিশ বিক্ষোভকারীদের সতর্ক করে দিয়ে বলে ওই এলাকা না ছাড়লে তাদেরকে গ্রেফতার করা হবে। বিক্ষোভকারী ফোনসো স্কট (২৪) বলেন, ‘কারফিউর ফলে পরিস্থিতি আরো খারাপ হবে। সহিংসতা আরো বাড়তে পারে। তবে তারা আমাদের জেলে ভরতে পারবে না।’