মধ্যবর্তী নির্বাচনের সম্ভাবনা নেই

আপডেট : ১৭ আগস্ট ২০১৪, ২২:৫৭
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বাংলাদেশে মধ্যবর্তী নির্বাচন হওয়ার কোন সম্ভাবনা নেই। সংবিধানের কোথাও মধ্যবর্তী নির্বাচনের কথা নেই। ২০১৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে। গতকাল রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মোহাম্মদ নাসিম বলেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ৫ জানুয়ারির নির্বাচনে অংশ না নিয়ে ভুল করেছেন। তার খেসারত এখন তাকে দিতে হচ্ছে। আরও অনেক দিন তাকে এই খেসারত দিতে হবে। কারণ নির্বাচন একটা রাজনৈতিক দলের জন্য বড় কর্মপন্থা। নির্বাচন ছাড়া কোন রাজনৈতিক দল এগিয়ে যেতে পারে না। ২০১৯ সালের নির্বাচনে সকল রাজনৈতিক দল অংশ গ্রহণ করবে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, আগামী নির্বাচন প্রতিযোগিতামূলক হবে। সে নির্বাচনে বিএনপিও অংশ গ্রহণ করবে। বিএনপি ২০১৪ সালে যে ভুল করেছে তারা আর সেই ভুল করবে না। নির্বাচন নিয়ে এখন কথা বলে লাভ নেই জানিয়ে তিনি বলেন, সংবিধান অনুযায়ী যথা সময়ে নির্বাচন হয়ে গেছে। কত ভাগ মানুষ ভোট দিয়েছে এটাও কোন বিষয় নয়। বাংলাদেশের সংবিধানে তো বলা নেই যে নির্বাচনে একটা নির্দিষ্ট পরিমাণ ভোটারের উপস্থিতি থাকতে হবে। বিএনপির আন্দোলনের প্রসঙ্গে মোহাম্মদ নাসিম বলেন, যে কোন রাজনৈতিক দল তাদের কর্মসূচি পালন করতে পারে। ইস্যুভিত্তিক কোন দল কোন কর্মসূচি দিলে সরকার তাতে সহযোগিতা করবে। তবে কোন কর্মসূচির নামে নৈরাজ্য সৃষ্টি করা যাবে না। আন্দোলনে না গিয়ে বিএনপিকে দল গোছানোর আহ্বান জানান তিনি। মোহাম্মদ নাসিম বলেন, শোকের মাস আগস্ট এলেই বিএনপি চক্রান্ত করে। তাই এ মাসে তাদের কোনো কর্মসূচি পালন করতে দেয়া উচিত নয়। তিনি বলেন, বিএনপি একটি ফ্যাসিস্ট দল। তারা বিকৃত ও হীন মানসিকতার দল। তারা খুনিদের আশ্রয়-প্রশ্রয় দিয়েছে। এ সময়ে অন্যদের মধ্যে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহেদ চৌধুরী, সাধারণ সম্পাদক ইলিয়াস খান, সাংগঠনিক সম্পাদক মুরসালিন নোমানী প্রমুখ উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ’৭৫ পরবর্তীতে ওরা জাতির জনক ও তাঁর পরিবারকে হত্যা করে দেশটাকে সামপ্রদায়িক রাষ্ট্রে পরিণত করেছিল। দেশের সামপ্রদায়িক সমপ্রীতি বিনষ্ট করেছিল। কিন্তু জাতির জনকের কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আবারো বাংলাদেশকে সামপ্রদায়িক সমপ্রীতির দেশে পরিণত করা হয়েছে। সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদ আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি অ্যাডভোকেট সুকুমার দাশ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সেলিনা বেগম স্বপ্না এমপি, জেলা প্রশাসক বিল্লাল হোসেন, পুলিশ সুপার এস এম এমরান হোসেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কেএম হোসেন আলী হাসান প্রমুখ।