সমবায় খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা হচ্ছে

আপডেট : ১৭ আগস্ট ২০১৪, ২২:৫৯
এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মো. মশিউর রহমান রাঙ্গা বলেছেন, অসত্ ও ভুঁইফোড় সমবায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে সমবায় খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা হচ্ছে। সত্ ও জনকল্যাণমুখী সমবায় সমিতিগুলোকে সরকারি পৃষ্ঠপোষকতার মাধ্যমে দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে কাজে লাগানো হচ্ছে। রাজধানীর পল্লবীতে মুসলিম বাজার বহুমুখী সমবায় সমিতির বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন। তিনি আরো বলেন, সমবায়ীদের ঐক্যবদ্ধভাবে চলমান সমবায় আন্দোলনকে বেগবান করতে হবে। এতে করে ডিজিটাল বাংলাদেশ গড়ার কার্যক্রম এগিয়ে নেয়া সম্ভব। এসময় তিনি সমিতির কার্যক্রম আরো সমবায় বান্ধব ও যুগোপযোগী করার আহ্বান জানান। সমিতির সভাপতি মো. কাবিল হোসেন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহ এমপি, সমিতির সাধারণ সম্পাদক মো. কদম আলী মাদবর, সমিতির কর্মকর্তা মো. দিলওয়ার হোসেন ও মো. হাবিবুর রহমান হাওলাদার।