পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী বলেছেন, গাজার মানবিক সংকটে থাকা মানুষদের সহায়তার জন্য বাংলাদেশ প্রস্তুত রয়েছে। একই সাথে ইসরাইলের বর্বর আগ্রাসন বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মিলিতভাবে চাপ প্রয়োগের তিনি আহ্বান জানান। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে গতকাল রবিবার একাত্তরের ঘাতক-দালাল নির্মুল কমিটি ও ফোরাম ফর সেক্যুলার বাংলাদেশ অ্যান্ড ট্রয়াল অব ওয়ার ক্রিমিনালস আয়োজিত ‘গাজায় গণহত্যা:বাংলাদেশ ও বিশ্ব বিবেক’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, গাজায় আমরা যে বর্বরতা প্রত্যক্ষ করেছি তার সাথে মানবতা, নৈতিকতা, আইন ও যুদ্ধনীতি জড়িয়ে রয়েছে। ইতিমধ্যে জাতিসংঘসহ বিশ্বে বিভিন্ন অংশ থেকে অভিযোগ উঠেছে, গাজায় ইসরাইলি সেনারা যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে। গাজার চলমান পরিস্থিতির কথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরাইল বেসামরিক মানুষ হত্যা, ঘরবাড়ি-অবকাঠামো ধংসের পর ক্ষ্যান্ত হয়নি। এমনকি তারা জাতিসংঘের আশ্রয়কেন্দ্র, স্কুল, মসজিদে পর্যন্ত হামলা করেছে। এই পরিস্থিতিতে গাজায় হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করতে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রতি আহবান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত শায়ের মোহাম্মদ গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন।
