টাঙ্গাইলের নাগরপুরে এক স্কুলের ২০ ছাত্রীকে বেত দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছেন প্রধান শিক্ষক। এঘটনাকে কেন্দ্র করে এলাকায় টান-টান উত্তেজনা বিরাজ করছে।
এলাকা সূত্রে জানা যায়, উপজেলার ঘূর্ণিপাড়া আব্দুর রশিদ উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রীরা দ্বিতীয় সেমিস্টার পরীক্ষায় নম্বর কম পাওয়ায় প্রধান শিক্ষক ক্ষিপ্ত হয়ে স্কুলের ২০ ছাত্রীকে সেগুন গাছের ডাল দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে গুরুতর আহত করে। গুরুতর আহতরা হলো বীথি আক্তার, আল্লাদী আক্তার, সাগরিকা, তমা আক্তার, আয়সা আক্তার, দিবা আক্তার, রেখা আক্তার, রুমিয়া আক্তার, মুুনিয়া আক্তার, রুমি আক্তার, রূপা আক্তার, সারা আক্তার। এঘটনায় অভিভাবকদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলতাব হোসেন ঘটনার সংবাদ পেয়ে রবিবার স্কুল পরিদর্শন করে মারধরের প্রমাণ পান। তিনি বলেন, লিখিত অভিযোগ পেলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে। এব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক আব্দুল আওয়াল মিলন মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি সত্যতা স্বীকার করে বলেন, পরীক্ষায় নম্বর কম পাওয়ায় ছাত্রীদের বেত্রাঘাত করেছি মাত্র।
