সিরিয়ায় একই গোত্রের ৭শ’ সদস্যকে হত্যা

আপডেট : ১৭ আগস্ট ২০১৪, ২৩:১৩
সিরিয়ার পূর্বাঞ্চলীয় দিয়ের আল জর প্রদেশে আল শেইতাত নৃগোষ্ঠির সাতশ’ সদস্যকে হত্যা করেছে ইসলামিক স্টেট’র (আইএস) জঙ্গিরা। নিহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক। যুক্তরাজ্যভিত্তিক সিরীয় মানবাধিকার সংগঠন ‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ একথা জানিয়েছে। গত তিন বছর ধরে সিরিয়ার গৃহযুদ্ধ পর্যবেক্ষণ করে আসা এই মানবাধিকার সংগঠনটি বলছে, নিহতদের অনেকের শিরোশ্ছেদ করেছে আইএস জঙ্গিরা। গত জুলাইয়ে স্থানীয় দুটি জ্বালানি তেলক্ষেত্র আইএস’র জঙ্গিরা দখল করে নেয়ার পর থেকে তাদের সঙ্গে ৭০ হাজার জনগোষ্ঠীর আল শেইতাতের সংঘাত শুরু হয়। অবজারভেটরির পরিচালক রামি আব্দুল রহমান ব্রিটেন থেকে টেলিফোনে বলেছেন, ‘যাদের হত্যা করা হয়েছে তারা সবাই আল শেইতাত গোষ্ঠীর। তাদের কয়েকজনকে গ্রেপ্তার করে কথিত বিচারের পর হত্যা করা হয়।’ সিরিয়ায় নিরাপত্তাজনিত কারণে এবং খবর সংগ্রহের ওপর বিধিনিষেধ থাকায় খবরটি স্বাধীনভাবে যাচাই করা যায়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সমপ্রতি উত্তর ইরাকের বিশাল অংশের দখল নিয়েছে আইএস জঙ্গিরা। তারা সিরিয়ার উত্তর ও পূর্বাঞ্চল এবং ইরাকের উত্তর ও পশ্চিমাঞ্চল দখল করে সেখানে ‘ইসলামি খেলাফত’ প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে। আইএস এর জঙ্গিরা ইরাকের উত্তরাঞ্চলে কুর্দি বাহিনীকে হটিয়ে দিয়ে ওই অঞ্চলের হাজার হাজার মুসলিম, খ্রিস্টান ও সংখ্যালঘু ইয়াজিদি সমপ্রদায়ের সদস্যদের তাদের ঘরবাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। এসব ঘটনার প্রেক্ষিতে ২০১১ সালে ইরাক ছেড়ে যাওয়ার পর প্রথমবারের মতো ইরাকের মাটিতে আইএস’র অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সিরিয়ার উত্তর ও পূর্বাংশের এক তৃতীয়াংশ দখল করে রাখা আইএস সমপ্রতি ওই অঞ্চলে তাদের দখল জোরদার করেছে।