মেহেরপুরে বিএসএফের ধাওয়া খেয়ে পানিতে ডুবে আব্দুর রাজ্জাক ওরফে শামিম (২৪) নামের এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। গাংনী উপজেলার কাজিপুর গ্রামের মাথাভাঙ্গা নদী থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
পীরতলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ জানান, লাশটি পানিতে ভাসতে দেখে পুলিশকে খবর দিলে তা উদ্ধার করা হয়। শামিমসহ ৪/৫ জন গত ৫ মাস আগে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে কাজের সন্ধানে ভারতের কেরালায় যায়। সেখান থেকে বাড়ি ফেরার পথে তারকাটার বেড়া পার হওয়ার সময় বিএসএফের ধাওয়া খেয়ে মাথাভাঙ্গা নদীতে লাফ দেয়। সাঁতার না জানার কারণে পানিতে ডুবে তার মৃত্যু হয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, শামিম কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার বাহেরমাদির চর গ্রামের শহিদুল ইসলামের ছেলে। তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
