গল্প নয় সত্যি

পুলিশ বনাম জাদুকর!

আপডেট : ১৮ আগস্ট ২০১৪, ১৯:৪৭
অন্যকে ফাঁদে ফেলে বোকা বানানো বা প্র্যাঙ্কের মাধ্যমে সেটির ভিডিও ধারণ করা গোটা দুনিয়াতে মোটেই নতুন কিছু নয়। এমনকি এ নিয়ে চালু আছে একাধিক টিভি শো’ও। তবে কিছুদিন আগে যুক্তরাজ্যের ক্যালেন মোরেলি নামের এক জাদুকর একজন পুলিশ সদস্যের কাছে মারিজুয়ানার মতো নিষিদ্ধ সামগ্রী বিক্রি নিয়ে যে ভয়ংকর প্র্যাঙ্কটি করেছেন সেটি ছাড়িয়ে গেছে অতীতের অনেক প্র্যাঙ্ক ভিডিওর জনপ্রিয়তাকেও। ইতোমধ্যেই প্রায় ৭৫ লাখেরও বেশি দর্শকের দেখা এই প্র্যাঙ্ক ভিডিওটির শুরুতেই একজন পুলিশ অফিসারকে একটি দেয়ালের সামনে দাঁড়িয়ে কথা বলতে দেখা যায়। আর তার এই কথোপকথনের মধ্যেই তার দিকে এগিয়ে জান ক্যালেন। পুলিশ সদস্যটির কথার মাঝে বাধা দিয়েই তিনি তার কাছে থাকা মারিজুয়ানা কেনার জন্য অনুরোধ করেন ওই পুলিশ সদস্যকে। বলা বাহুল্য, অভিনব আর অবিশ্বাস্য এই প্রস্তাব শুনে প্রায় সাথে সাথেই তাকে তল্লাশি করতে এগিয়ে আসেন ঐ পুলিশ সদস্য। তবে পুলিশটিকে এগিয়ে আসতে দেখেই তা হাতের মুঠোয় পুরে জাদুর কৌশলে হাওয়া করে দেন ক্যালেন। প্রথম অবস্থায় পুলিশ সদস্যটি ভেবেছিলেন যে, ক্যালেন হয়তো তার শরীরেরই কোনো অংশে মারিজুয়ানাটি লুকিয়েছেন। তাই দ্রুততার সাথে ক্যালেনের সারা শরীরে তল্লাশি চালান ওই পুলিশ সদস্য। তবে কোথাও কোনো মারিজুয়ানার অস্তিত্ব খুঁজে না পেয়ে রীতিমতো খেপে যান তিনি। নিজের চোখে মারিজুয়ানা দেখেছেন এবং নিজ কানে মারিজুয়ানা বিক্রির কথা শুনেছেন বলে ক্যালেনের সাথে তর্কেও জড়িয়ে পড়েন ওই পুলিশ সদস্য। তবে ক্যালেনের কাছে মারিজুয়ানা থাকার অস্তিত্ব প্রমাণ করতে না পারায় তাকে খানিকটা শাসিয়ে ছেড়ে দিতে বাধ্য হন তিনি। তবে পুলিশের কাছ থেকে ছাড়া পাওয়ার সাথে সাথেই দূরে লুকিয়ে রাখা ক্যামেরার সামনে পুনরায় হাতে থাকা মারিজুয়ানার প্যাকেটটি দেখিয়ে হেঁটে চলে যান ক্যালেন।