ঢাবিতে সেপ্টেম্বরে জাতীয় ক্যাম্পাস প্রযুক্তি উত্সব

আপডেট : ১৮ আগস্ট ২০১৪, ১৯:৫৩
গত দুই বছরের ধারাবাহিকতায় এই বছরের ১৪ ও ১৫ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী জাতীয় ক্যাম্পাস প্রযুক্তি উত্সব। ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটি (ডিইউআইটিএস) এবং সরকারের আইসিটি বিভাগ যৌথভাবে এই আয়োজন করবে। গতকাল ডিইউআইটিএস আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারের তথ্যপ্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সংবাদ সম্মেলনে উত্সবের আহবায়ক এবং ডিইউআইটিএস সভাপতি আবদুল্লাহ আল ইমরান জানান, এবারের উত্সবের প্রতিপাদ্য ‘ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ ও উন্নত শিক্ষায় চাই তথ্যপ্রযুক্তি নির্ভর ক্যাম্পাস’। উত্সবে দেশের শীর্ষস্থানীয় ৬০টি বিশ্ববিদ্যালয় ও স্কুল-কলেজের প্রায় ১৫০০ শিক্ষক-শিক্ষার্থী ও প্রযুক্তিপ্রেমী অংশগ্রহণ করবেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, টিএসসিতে আয়োজিত উত্সবের মূল পর্বে থাকবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রকল্প প্রদর্শন, অ্যাপস, গেমিং ও কুইজ প্রতিযোগিতা, ইন্টারনেট নিরাপত্তা বিষয়ক কর্মশালা, আউটসোর্সিং ও উদ্যোক্তা সম্মেলন, তথ্যপ্রযুক্তি নির্ভর বিতর্ক ও বিজনেস আইডিয়া প্রতিযোগিতাসহ নানা আয়োজন। উত্সবে ২টি সেমিনার, ১টি কর্মশালা ও একটি আলোচনা পর্বও থাকবে।