খাদ্যদ্রব্যে বিষ মেশানোর শাস্তি দৃষ্টান্তমূলক হতে হবে

আপডেট : ১৮ আগস্ট ২০১৪, ২১:১৬
ভেজাল মিশিয়ে যারা খাবারকে বিষাক্ত করে তোলে, তাদের চাইতে বড়ো মানবতাবিরোধী এ জগতে অন্য কেউ হতে পারে না। ফরমালিন, ক্যালসিয়াম কার্বাইড এবং কাপড়ের রঙ কোনোভাবেই মানুষের খাদ্যদ্রব্যের তালিকায় স্থান পেতে পারে না। অথচ খাদ্যদ্রব্য ও ফলমূলে অনায়াসে এসব ব্যবহার করা হচ্ছে বেশিদিন তাজা রাখতে, দ্রুত পাকাতে এবং আকর্ষণীয় দেখাতে! যার পরিণতিতে দুরারোগ্য সব অসুখে আক্রান্ত হয়ে অকালমৃত্যুর হার বেড়ে যাচ্ছে ভয়াবহ হারে। দীর্ঘদিন ধরে ভেজাল প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত অভিযানে নামছে এবং বিষাক্ত রাসায়নিক দ্রব্য ও কেমিক্যাল মেশানোর জন্য দায়ীদের জেল-জরিমানা করেই দায় সারছে! যারা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে, তাদের মৃত্যুদণ্ড না হওয়ায় এত অভিযানের পরও বিষ মেশানো বন্ধ হচ্ছে না! তাই ভ্রাম্যমাণ আদালতকে সাহসী হয়ে, খাদ্যদ্রব্যে ভেজালকারী হায়েনাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। মোহাম্মদ ইব্রাহীম খলীলুল্লাহ, বারইয়ারহাট, মীরসরাই, চট্টগ্রাম ৪৩২৬