জাতীয় পে কমিশন সমীপে

আপডেট : ১৮ আগস্ট ২০১৪, ২১:১৬
মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল ২০১৫ প্রায় শেষ মুহূর্তে। সরকারের প্রশংসনীয় সাফল্য সত্ত্বেও মানুষ গড়ার কারিগর মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষকরা এখনো ডিজিটালের যুগে মানবেতর জীবন যাপন করছেন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা গ্রহণ শেষে অধিকাংশ ছাত্রছাত্রীই বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে পড়েন। কারণ সরকারি মাধ্যমিক বিদ্যালয় সে পরিমাণ নেই। শিক্ষার তথা দেশ উন্নয়নে যাঁরা এমন অবদান রাখছে তাঁরাই আজ সবচেয়ে সস্তা জীবন নির্বাহ করছেন। প্রতি বছর বাজেটের সময় দ্রব্যমূল্যসহ আনুষঙ্গিক খরচ বাড়ছে যে হারে সে হারে কি শিক্ষকদের বেতনভাতা বাড়ছে? যদি তাই না হয় তবে আমরা কী করে বলতে পারি মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল অর্জন করতে পেরেছি? তাই শিক্ষা যাঁরা বিতরণ করছেন তাঁদের আগামী জাতীয় পে-স্কেলে মূল্যায়ন করা হবে—সেই প্রত্যাশা করছি। মনির হোসাইন, সহকারী মৌলভী, ইনডেক্স নম্বর ২০৯৮৮৬৩, দক্ষিণগাঁও কালিয়াব দাখিল মাদরাসা, কাপাসিয়া, গাজীপুর