ভুয়া কাগজপত্র দেখিয়ে ৬ মে. টন চাল আত্মসাত্

আপডেট : ১৮ আগস্ট ২০১৪, ২১:৫৩
মহম্মদপুর উপজেলার রায়পুর গ্রামে মসজিদ, মাদ্রাসা ও এতিমখানা না থাকলেও ভুয়া কাগজপত্র দেখিয়ে সরকারি বরাদ্দের (জিআর) ছয় মেট্রিক টন চাল এক ইউপি সদস্য আত্মসাত্ করেছেন বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে এলাকাবাসী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। বরাদ্দপত্রের ২৫, ২৬ ও ২৭ নম্বর ক্রমিকে রায়পুর মসজিদ, রায়পুর এতিমখানা ও রায়পুর মাদ্রাসার ইছালে ছওয়াব আহার্য বাবদ প্রতিষ্ঠান প্রতি ২ মেট্রিক টন করে ৬ মেট্রিক টন জিআর চাল বরাদ্দ করা হয়। রায়পুর গ্রামে তিনটি ছোট মসজিদ থাকলেও কোন এতিমখানা ও মাদ্রাসা নেই। এসব মসজিদ স্থানীয় ব্যক্তিদের দানে পরিচালিত হয়। রায়পুর দক্ষিণপাড়া মসজিদের ইমাম হাফেজ মন্নু মিয়া, মধ্যপাড়া মসজিদের ইমাম মুরাদ হোসেন ও পশ্চিমপাড়া মসজিদের ইমাম মুস্তাফিজুর রহমান জানান, রায়পুর গ্রামে তিনটি মসজিদ আছে। এর কোনটিতে এ বছর জিআর চাল সাহায্য পাওয়া যায়নি। এ গ্রামে কোন মাদ্রাসা ও এতিমখানা নেই। ’ ইউপি সদস্য সিরাজুল ইসলাম এ বিষয়ে কোনকিছু না লেখার জন্য অনুরোধ করেন। মহম্মদপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. লাল্টু মিয়া জানান, প্রকল্প তিনটির সভাপতি ইউপি সদস্য সিরাজুল ইসলাম। অনিয়মের বিষয়ে কিছুই জানেন না বলে তিনি জানান। মহম্মদপুরের ইউএনও মো. কামরুল হাসান জানান, এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।