সরেন হত্যাকারীদের শাস্তি দাবিতে নওগাঁয় মানববন্ধন

আপডেট : ১৮ আগস্ট ২০১৪, ২১:৫৬
হত্যাকাণ্ডের ১৪তম বার্ষিকীতে নওগাঁর আদিবাসী নেতা আলফ্রেড সরেনের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে মহাদেবপুর উপজেলার ভীমপুর আদিবাসী পল্লীতে পালিত হয়। এদিকে আলফ্রেড সরেনের হত্যাকারীদের শাস্তির দাবিতে নওগাঁয় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। জাতীয় আদিবাসী পরিষদ নওগাঁ জেলা শাখা আয়োজিত কর্মসূচির মধ্যে বেলা ১১টায় আলফ্রেড সরেনের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ), বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা। সেখানে নিহতের স্মরণে একমিনিট নীরবতা পালন করা হয়। আলফ্রেড সরেনের সমাধিতে বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেন, সাধারণ সম্পাদক সবিন চন্দ্র মুন্ডা, সিপিবি নওগাঁ জেলা কমিটির সাধারণ সম্পাদক এ্যাড. মহসীন রেজা, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের সমন্বয়ক জয়নার আবেদিন মুকুল এবং আলফ্রেড সরেনের বোন রেবেকা সরেন প্রমুখ। এদিকে আলফ্রেড সরেনের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নওগাঁয় মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয় আদিবাসী পরিষদ। সোমবার দুপুরে ঘন্টাব্যাপী শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জাতীয় আদিবাসী পরিষদ এ কর্মসূচির আয়োজন করে।