ডোমার বোড়াগাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে রাতের অন্ধকারে ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে অভিযোগ উঠেছে । এ নিয়ে যেমন চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে তেমনি ক্ষিপ্ত অভিভাবকরা আদালতের দ্বারস্থ হয়েছেন।
অভিযোগে জানা যায়, ্ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম কাগজে-কলমে নির্বাচনী তফসিল, ভোটার তালিকা প্রণয়ন করে একটি কমিটি গঠন করেন। নির্বাচনে অংশ না নিয়েই নির্বাচিত হয়েছেন এমন একজন অভিভাবক সদস্য হলেন ছাইদুল ইসলাম। তিনি অভিযোগ করে বলেন, ওই প্রধান শিক্ষক বিদ্যালয়কে অনিয়ম ও দুর্নীতির আঁখড়ায় পরিণত করেছেন। কমিটিতে দাতা সদস্য হিসেবে শহীদুল ইসলাম নামে একজনকে দেখানো হলেও ওই দাতার দানকৃত পঁচিশ হাজার টাকার কোন হদিস পাওয়া যায়নি। বিষয়টি জানাজানি হলে, অভিভাবকরা ঘটনাটি বিভিন্ন মহলে অভিহিত করেন। এতে কোন কাজ না হওয়ায় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ও জমি দাতা মুক্তিযোদ্ধা হামিদুল ইসলাম ফজলু বাদী হয়ে ওই নির্বাচন বাতিলের দাবিতে আদালতে মামলা দায়ের করেন।
