শিবালয় উপজেলা বিএনপির কমিটি নেই ১৫ বছর

আপডেট : ১৮ আগস্ট ২০১৪, ২১:৫৭
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় দীর্ঘ ১৫ বছর ধরে বিএনপি ও সহযোগী সংগঠনের কোন কমিটি নেই। নেতাকর্মীদের পদ-পদবী ছাড়াই চলছে দলীয় কার্যক্রম। দলের প্রয়োজনে নেতাকর্মীদের যে ভূমিকায় অবতীর্ণ হওয়ার কথা এক্ষেত্রে তার কোন লক্ষণ দেখা যাচ্ছে না। ১৯৯৭ সালে মানিকগঞ্জ জেলা ও ৭টি উপজেলায় কমিটি গঠন করা হয়। মেয়াদ পূর্তির পর থেকে এ যাবত্ জেলা ও উপজেলা পূর্ণাঙ্গ কমিটি আলোর মুখ দেখেনি। ২০০০ সালে ত্রিধারা দ্বন্দ্ব-অবিশ্বাসের কারণে জেলা আহ্বায়ক কমিটি গঠন নিয়ে টানাপোড়েনের সৃষ্টি হয়। শিল্পপতি হারুণার রশিদ খান মুন্নুকে আহ্বায়ক নিযুক্ত করলেও তিনি দীর্ঘদিনে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে ব্যর্থ হয়ে পদত্যাগ করেন। এ নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে কোন্দল ও গ্রুপিং সৃষ্টি হয়। অনেক সময় পার করে নতুন আহ্বায়ক নিযুক্ত হন তত্কালীন চিফ হুইপ ও জেলা বিএনপির সভাপতি খোন্দকার দেলোয়ার হোসেন। এভাবে দীর্ঘ সময় অতিবাহিত হলেও জেলা ও উপজেলা কমিটি গঠন সম্ভব হয়নি। আহ্বায়ক কমিটি গঠন ও জেলা-উপজেলায় পূর্ণাঙ্গ কমিটি গঠন না হওয়ায় সাবেক নেতাকর্মীর পদ-পদবীর পরিচয়ে এ দলের কার্যক্রম পরিচালিত হচ্ছে। যদিও প্রায় দু’বছর আগে ছাত্রদলের সভাপতি, সম্পাদকসহ কয়েকজনের নামসম্বলিত জেলা কমিটি ঘোষণা দিলেও জেলা-উপজেলায় পূর্ণাঙ্গ কমিটি হয়নি। অনুরূপভাবে বিএনপির সহযোগী সংগঠন যুবদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবকদল, মহিলাদলসহ অন্যান্য জেলা-উপজেলা পর্যায়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন হয়নি। ফলে, প্রায় দেড়যুগ ধরে এ জেলায় বিএনপি ও সহযোগী সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি না হওয়ায় ত্যাগী নেতা-কর্মী, সমর্থক-শুভাকাঙ্ক্ষীদের মাঝে চরম হতাশা বিরাজ করছে। উল্লেখ্য, গত ফেব্রুয়ারি ও মার্চে অনুষ্ঠিত নির্বাচনে মানিকগঞ্জে সকল উপজেলায় বিএনপি সমর্থিত প্রার্থীরা বিপুল ভোটের ব্যবধানে জয়ী হন।