পিস্তল ঠেকিয়ে দলিলে স্বাক্ষর
কলারোয়ায় ব্যবসায়ীকে অপহরণের পর মাথায় পিস্তল ঠেকিয়ে দলিলে স্বাক্ষর আদায়ের ঘটনায় থানায় মামলা হলেও পুলিশ গত পাঁচ দিনে কোন আসামিকে আটক করতে পারেনি। গত ১৪ আগস্ট ৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫/৬ জনের নামে থানায় মামলা দায়ের করা হয়।
এজাহারে জানা গেছে, কলারোয়া বাজারের শেখ আজিজুর রহমান গত ১৩ আগস্ট ভোরে ভ্রমণে বের হন। এ সময় আসাদুর রহমান বাবলার নেতৃত্বে ৬ জন ডিবি পুলিশ পরিচয়ে একটি মাইক্রোবাসে আজিজুর রহমানকে অপহরণ করে। তাকে একটি ঘরে আটক রেখে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে। পরে মাথায় পিস্তল ঠেকিয়ে সাব রেজিস্ট্রারের সহকারী ও একজন দলিল লেখকের উপস্থিতিতে একটি লিখিত দলিলে জোরপূর্বক স্বাক্ষর আদায় করে। পরে আজিজুর রহমানকে ১শ’ টাকা পথ খরচ দিয়ে ছেড়ে দেয়।
আসাদুর রহমান বাবলা জানান, কয়েক বছর আগে আজিজুর রহমান তাদের একটি জমি নিজ নামে লিখে নিয়ে টাকা দেয়নি। তাই এ কাজ করার চেষ্টা করেছি।
সাব রেজিস্ট্রারের সহকারী জানান, স্যারের নির্দেশে একজন মুহুরীকে সাথে নিয়ে এ কাজ করেছি।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই শেখ শোয়েব আলী জানান, মামলা হওয়ার পর আসামিরা আত্মগোপনে আছে। তাদের গ্রেফতারে চেষ্টা চলছে।
