কিশোরগঞ্জের হোসেনপুরে সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় ১১ জন নিহত হওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা।
হোসেনপুরে শিশু নিহত
কিশোরগঞ্জের হোসেনপুরে গতকাল সোমবার সকাল ৯টায় সড়ক দুর্ঘটনায় টুম্পা আক্তার (৪) নামে এক শিশু মারা গেছে। হোসেনপুর উপজেলার নারায়রডহর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তায় খেলতে যায় টুম্পা। এ সময় একটি অটো রিকশা তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬ক্সে নিয়ে গেলে চিকিত্সক মৃত বলে জানান।
ধামরাইয়ে শিশুর মৃত্যু
ঢাকার ধামরাইয়ের ইসলামপুর বাসস্ট্যান্ডে গত রবিবার সন্ধ্যায় বাসের চাপায় লাকী আক্তার (১০) নামে এক শিশু মারা গেছে। রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়ায় যুবক নিহত
ব্রাহ্মণবাড়িয়ার বাইপাসে সড়ক দুর্ঘটনায় গতকাল সোমবার অজ্ঞাত পরিচয় (২৫) এক যুবক নিহত ও তিনজন আহত হয়েছেন। মাটিবাহী একটি ট্রাক্টরের সাথে যাত্রীবাহী সিএনজির সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
কুমিল্লায় মোটরসাইকেল
চালকের মৃত্যু
কুমিল্লা সদর উপজেলার আমতলী এলাকায় গতকাল সোমবার সড়ক দুর্ঘটনায় আরিফ (২৪) নামে এক মোটর সাইকেল চালক মারা গেছেন।
ময়নামতি হাইওয়ে পুলিশের এসআই ওমর জানান, কাভার্ড ভ্যানটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।
সুজানগরে বজ্রপাতে
কৃষকের মৃত্যু
পাবনার সুজানগরের উদয়পুর গ্রামে গতকাল সোমবার বজ্রপাতে মালেক শেখ (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃষ্টির মধ্যে মাঠে কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই সে মারা যায়।
মান্দায় সাইকেল
আরোহীর মৃত্যু
নওগাঁর মান্দা উপজেলার ফেরিঘাটে ট্রাকের চাপায় আসাদ আলী (৪০) নামে এক সাইকেল আরোহী মারা গেছেন।
থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, ট্রাকটি আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
দেলদুয়ারে নারীর
লাশ উদ্ধার
টাঙ্গাইলের দেলদুয়ারের গোমজানী এলাকা থেকে গতকাল সোমবার অজ্ঞাত পরিচয় (৪০) এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
দেলদুয়ার থানার ওসি চান মিয়া জানান, লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
কাজীপুরে গৃহবধূর
লাশ উদ্ধার
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার আলমপুর গ্রামের একটি ডোবা থেকে গতকাল সোমবার সকালে আছিয়া আকতার মুক্তি (২৮) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ব্যাপারে কাজীপুর থানায় একটি মামলা হয়েছে।
ফুলপুরে স্কুল
ছাত্রীর মৃত্যু
ময়মনসিংহ হালুয়াঘাট সড়কের ফুলপুর সদরের শেরপুর রোড মোড়ে গতকাল সোমবার সকালে ট্রাকের চাপায় মাসুমা আরেফিন জেমি নামে ৫ম শ্রেণির এক স্কুল ছাত্রী নিহত ও তার বাবা আহত হয়েছেন। সে ফুলপুর পয়ারী গুপ্তেরগাঁও গ্রাম থেকে বাবার সাথে সাইকেলে চড়ে স্থানীয় স্কুলে যাচ্ছিল। ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেল আরোহীদের ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।
আশুগঞ্জে নারীর
লাশ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের সৈয়দ আব্দুল হালিম রেল সেতুর নিচ থেকে গতকাল সোমবার দুপুরে অজ্ঞাত পরিচয় (৩০) এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
আশুগঞ্জ থানার ওসি আবু জাফর জানান, নারীর শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। তবে ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
নারায়ণগঞ্জে স্কুলের নৈশ
প্রহরীর লাশ উদ্ধার
নারায়ণগঞ্জ ফতুল্লা এলাকা থেকে গতকাল সোমবার আবদুল মান্নান (৩৫) নামে ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের এক নৈশ প্রহরীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
ফতুল্লা মডেল থানার এসআই ছানোয়ার হোসেন জানান, নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন নেই।
