নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এলাকায় রবিবার রাতে অভিযান চালিয়ে ছিনতাইকৃত বেবিট্যাক্সিসহ ছিনতাইকারী চক্রের হোতা ফালু ওরফে জনিকে আটক করেও গতকাল সোমবার জনিকে ছেড়ে দেয় পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে উপজেলার গোলাকান্দাইল এলাকায় চোরাই অটোরিকশা, বেবিট্যাক্সি, সিএনজি’র ব্যবসা চালিয়ে আসছে গোলাকান্দাইল উত্তরপাড়া এলাকার জহর আলী বাদ্যকরের ছেলে দুলাল মিয়া, ভাগিনা ফালু ওরফে জনি, তাদের সহযোগী মহিউদ্দিন, হারুনসহ ৮ থেকে ১০জন সক্রিয় সদস্য রয়েছে। ডেমরার কোনাপাড়া এলাকার নাসিরউদ্দিনের অভিযোগের ভিত্তিতে গত রবিবার রাতে পুলিশ গোলাকান্দাইল উত্তরপাড়া এলাকার জাহাঙ্গীরের বাড়ি ও ফালু ওরফে জনির দোকানে অভিযান চালিয়ে ছিনতাইকৃত বেবিট্যাক্সিটি উদ্ধার ও ছিনতাইকারী চক্রের অন্যতম সদস্য ফালু ওরফে জনিকে পুলিশ আটক করে। গভীর রাতে বিশেষ ব্যবস্থায় জনিকে ছেড়ে দেয়া হয়।
ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রবিউল ইসলাম জানান, ছিনতাইকৃত বেবিট্যাক্সি উদ্ধার করা হয়েছে। কোনো আসামি আটক করা হয়নি। ছিনতাইকারী চক্রের সদস্যরা পলাতক রয়েছে।
