শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গারোপাহাড়ের ইকোপার্কে বেড়াতে আসা নবদম্পতি নীপিড়নের ঘটনায় রবিবার সন্ধ্যায় পুলিশ অভিযান চালিয়ে ৩টি কম্পিউটার জব্দসহ মোবাইলে ধারণকৃত ভিডিও ক্লিপ উদ্ধার করেছে। যদিও ঘটনার মূলহোতা ৩ বখাটেকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সমপ্রতি মধুটিলা ইকোপার্কে বেড়াতে যান উপজেলার ফকিরপাড়া গ্রামের এক নবদম্পতি। এসময় স্থানীয় ৩ বখাটে শফিকুল ইসলাম, আব্দুস সালাম ও আমির হোসেন ওরফে মনু মিয়া তাদের পিছু নেয় এবং ওয়াচ টাওয়ারের উত্তরের টিলায় বসে থাকাবস্থায় দম্পতিকে জিম্মি করে টাকা গহনা ছিনিয়ে নেয়।
এসময় স্বামী-স্ত্রীকে বিবস্ত্র করে যৌননীপিড়ন এবং ঘটনাটির দৃশ্য মোবাইলে ধারণ করা হয় এবং পরে ভিডিও ক্লিপটি শহরে ছড়িয়ে দেয়া হয়। এরপর শহরের আরেক বখাটে যুবক নাজমুল হাসান লিটন ভিডিও ক্লিপটি নিয়ে নির্যাতনের শিকার তরুণীটির গ্রামের বাড়িতে গিয়ে ৫০ হাজার টাকা দাবি করে। বাধ্য হয়ে মেয়েটি গত বুধবার নালিতাবাড়ী থানায় অভিযুক্তদের নামে নারী ও শিশু নির্যাতনসহ পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেন।
একপর্যায়ে মেয়েটির সঙ্গে তার নতুন বর যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। এ ঘটনায় লজ্জা-ঘৃণায় গৃহবন্দি জীবন যাপনে বাধ্য হয়েছে মেয়েটি।
