নাট্যাচার্য সেলিম আল দীনের ৬৫তম জন্মজয়ন্তী উত্সব শুরু হয়েছে। গতকাল সোমবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এ উপলক্ষে একটি শোভাযাত্রা নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ থেকে শুরু হয়ে সেলিম আল দীনের সমাধি স্থলে এসে শেষ হয়। শোভাযাত্রায় ভিসি অধ্যাপক ড. ফারজানা ইসলাম, নাট্যজন নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ছাত্র-শিক্ষক, দেশের খ্যাতিমান নাট্যকর্মী, সংগঠক, নিদের্শক, সেলিম আল দীনের গুণগ্রাহী প্রমুখ অংশগ্রহণ করেন।
দুই দিনব্যাপী অনুষ্ঠানের প্রথমদিন সোমবার সকাল এগারোটায় সেলিম আল দীনের সমাধিতে ভিসি অধ্যাপক ড. ফারজানা ইসলাম শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এরপর নাট্যজন নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, বাংলাদেশ গ্রাম থিয়েটার, ঢাকা থিয়েটার, স্বপ্নদল, দ্যাশ বাঙলা নাট্যদল, সেলিম আল দীন ফাউন্ডেশন, বুনন থিয়েটার, তালুকনগর থিয়েটার, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র, সেলিম আল দীন পরিবারসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সেলিম আল দীনের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর জহির রায়হান মিলনায়তনে সেলিম আল দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় মঞ্চায়ন করা হয় নাটক ‘মুনতাসির’। সেলিম আল দীনের জন্মবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার সন্ধ্যা সাতটায় জহির রায়হান মিলনায়তনের দ্বিতীয় তলায় ভারতীয় ডেপুটি হাইকমিশনার সন্দীপ চক্রবর্তীকে সংবর্ধনা প্রদান এবং নাটক মঞ্চায়ন করা হবে।
