রংপুরে ২৪ আগস্ট নারী সমাবেশ সফল করার আহ্বান

আপডেট : ১৮ আগস্ট ২০১৪, ২২:০২
নারী নির্যাতনের প্রতিবাদ অপসংস্কৃতি-অশ্লীলতা, মাদক, জুয়া, নারী নির্যাতন, নারী ও শিশু পাচার এবং মৌলবাদ-সামপ্রদায়িকতা প্রতিরোধে ঐক্যবদ্ধ হোন-এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র রংপুর ও রাজশাহী বিভাগের আয়োজনে ২৪ আগস্ট রংপুর টাউন হলে নারী সমাবেশ সফল করার লক্ষ্যে গত রবিবার এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকালে বাসদ কনভেনশন প্রস্তুতি কমিটি রংপুর জেলা কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য ও গাইবান্ধা জেলা সভাপতি অধ্যাপক রোকেয়া খাতুন। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মনিদীপা ভট্টাচার্য, কেন্দ্রীয় কমিটির সদস্য মাসুমা আক্তার, রংপুর জেলা সভাপতি প্রভাষক আরশেদা খানম লিজু, ইয়াসমিন আক্তার, নাজমুন নাহার, আলো বেগম, ঠাকুরগাঁও জেলা সংগঠক কৃষ্ণা দেবনাথ, পঞ্চগড় জেলা সংগঠক ফারজিনা বেগম, বগুড়া জেলা সংগঠক নুরজাহান রেখা প্রমুখ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, অশ্লীলতা, অপসংস্কৃতিক, মাদক, জুয়ার প্রভাব বেড়ে যাওয়াতে তরুণ যুবসমাজ ধ্বংসের মুখে পতিত হচ্ছে। এই অধঃপতিত যুবসমাজের হাতেই অপমানিত ও লাঞ্ছিত হচ্ছে নারীরা। ধর্ষণ, গণধর্ষণ, ধর্ষণের পর হত্যা, প্রেমের প্রলোভন দেখিয়ে নগ্ন ছবি ভিডিও করে ইন্টারনেটে ছড়িয়ে দিয়ে ব্ল্যাকমেইল করা, যৌতুকের দায়ে পুড়িয়ে মারা, এসিড নিক্ষেপ ইত্যাদির শিকার হচ্ছে নারীরা। সংবাদ সম্মেলনে বলা হয়, নারী নির্যাতনের ভয়াবহতা আজ যে পর্যায়ে পৌঁছেছে, সেখানে নারীমুক্তি কেন্দ্র মনে করে এর বিরুদ্ধে সারাদেশে সচেতন ও বিবেকবান মানুষরা ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন। সংবাদ সম্মেলন থেকে ২৪ আগস্টের নারী সমাবেশ সফল করার জন্য বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের পাশাপাশি গণমাধ্যম প্রতিনিধিদের সহযোগিতা কামনা করা হয়।