ঠাকুরগাঁওয়ে ব্যবসায়ীকে গুলি করে ২৯ লাখ টাকা ছিনতাই

আপডেট : ১৮ আগস্ট ২০১৪, ২২:০৩
ঠাকুরগাঁও শহরের মুন্সিরহাট এলাকায় মাজাহারুল ইসলাম বাবু (৩০) নামে এক ব্যবসায়ীকে গুলি করে প্রায় ২৯ লক্ষাধিক টাকা ছিনতাই করে পালিয়েছে দুর্বৃত্তরা। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঠাকুরগাঁও বিসিক শিল্পনগরী এলাকায় নেভী কোম্পানির এজেন্ট অফিস থেকে মোটরসাইকেলযোগে কোম্পানির এজেন্ট মাজাহারুল ইসলাম (বাবু) পূবালী ব্যাংকে টাকা জমা দিতে যাচ্ছিলেন। পথিমধ্যে রোড বাগানবাড়ি এলাকায় দুটি মোটরসাইকেলযোগে ৬ জন ছিনতাইকারী বাবুলের মাথায় গুলি করে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা ধাওয়া দিলে ছিনতাইকারীরা ফাঁকা গুলি করে পিস্তল ও ককটেল ফেলে পালিয়ে যায়। স্থানীয় লোকজন মাজাহারুল ইসলামকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। ঘটনাস্থল থেকে একটি গুলিসহ পিস্তল ও ককটেল উদ্ধার করেছে পুলিশ। ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ এ কে এম মেহেদী হাসান বলেন, এ ঘটনায় নেভী এজেন্ট অফিসের ৫ কর্মচারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।