ফেদেরারের ৮০

আপডেট : ১৮ আগস্ট ২০১৪, ২২:১১
ডেভিড ফেরারকে ফাইনালে ৬-৩, ১-৬, ৬-২ গেমে পরাজিত করে ক্যারিয়ারের ষষ্ঠ সিনসিনাটি মাস্টার্স জিতলেন রজার ফেদেরার। যা এই সুইস সুপারস্টারকে তুলে আনলো অনন্য এক উচ্চতায়। ফেদেরারের নামের পাশে এখন আশিটি শিরোপা। যা কিনা জিমি কনর্স এবং ইভান লেন্ডলের পর পুরুষ এককে তৃতীয় সর্বোচ্চ। পাশাপাশি এই শিরোপার মাধ্যমে ইউএস ওপেনের আগে গুরুত্বপূর্ণ আত্মবিশ্বাসও অর্জন করলেন তিনি। এর আগে ২০০৫, ২০০৭, ২০০৯, ২০১০ এবং ২০১২ সালে সিনসিনাটি মাস্টার্সের শিরোপা জিতেছিলেন র্যাঙ্কিংয়ে তিন নম্বরে থাকা ফেদেরার। এ বছর খেলা অষ্টম ফাইনালে তৃতীয়বারের মতো হাসিমুখে কোর্ট ছাড়লেন তিনি। এর আগে দুবাই এবং হাল ওপেনের শিরোপা জিতেছিলেন তিনি। তবে অন্যসব শিরোপার চাইতে গত রোববার রাতে ক্যারিয়ারের ১২১তম ফাইনালটি নিশ্চিতভাবেই বিশেষ কিছু হয়ে থাকবে ফেদেরারের। গতবছর মাত্র একটি শিরোপা জেতা ফেদেরারের চলতি বছরটা কাটছে দারুণ। এবছরে এটিপি টুর্নামেন্টে এটি ছিল তার ৪৯তম ম্যাচ জয়, যা অন্য সবার তুলনায় বেশি। তবে মাস্টার্স ১০০০ শিরোপা জয়ের ক্ষেত্রে তিনি স্প্যানিশ তারকা রাফায়েল নাদালের তুলনায় কিছুটা পিছিয়ে আছেন। নাদাল ২৭টি মাস্টার্স শিরোপা জিতে তালিকার শীর্ষে রয়েছেন। অন্যদিকে ৩৩ বছর বয়সী ফেদেরারের অর্জিত শিরোপার সংখ্যা ২২টি। তবে একক বিভাগে সব ধরনের প্রতিযোগিতা মিলে ১০৯ শিরোপা জেতা কনর্স আছেন সবার ধরাছোঁয়ার বাইরে। আরেক কিংবদন্তী ইভান লেন্ডলের শিরোপার সংখ্যা ৯৪। অন্যদিকে পুরুষ এবং মহিলা মিলে ১৬৭টি শিরোপা জিতে সবার উপরে আছেন মার্টিনা নাভ্রাতিলোভা। পাশাপাশি ১৬৭টি দ্বৈত শিরোপাও আছে ৫৭ বছর বয়সী এই কিংবদন্তীর দখলে। প্রায় দেড় দশক ধরে সিনসিনাটি মাস্টার্সে খেলছেন ফেদেরার। ২০১২ সালের পরে শেষ পর্যন্ত আবারো এই শিরোপা জিততে পেরে তিনি দারুণ সন্তুষ্ট। ঐ বছরই তিনি উইম্বলডনেও শেষ শিরোপা জিতেছিলেন। দুই জোড়া যমজ শিশুর গর্বিত পিতা হিসেবে ম্যাচ শেষে কিছুটা মজা করেই ফেদেরার বলেছেন, ‘শেষ পর্যন্ত বাচ্চাদের জন্য আমি বিশাল একটি ট্রফি জিততে পেরেছি। এখন পর্যন্ত সবসময়ই ছোট ছোট ট্রফি নিয়ে বাড়ি ফিরেছি যা তাদেরকে খুশি করতে পারেনি। কিন্তু আশা করছি এবারেরটা তাদেরকে অবশ্যই আনন্দ দিবে।’ ফ্রেঞ্চম্যান জো উইলফ্রিড সোঙ্গার কাছে গত সপ্তাহে টরেন্টোতে রজার্স কাপের ফাইনালে পরাজয়ের পরে ফেদেরার জানিয়েছিলেন সিনসিনাটিতে তিনি খেলবেন না। ইউএস ওপেনের আগে কিছুটা বিশ্রামের সুযোগ নিতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছিলেন তিনি। তবে অনুশীলনে নিজের পারফরম্যান্সে আত্মবিশ্বাসী বোধ করায় শেষ পর্যন্ত ইউএস ওপেনের আগে সর্বশেষ টুর্নামেন্টে খেলার সিদ্ধান্ত নেন রেকর্ড ১৭ বারের এই গ্র্যান্ডস্ল্যাম বিজয়ী। শেষ পর্যন্ত শিরোপা জিতেই নিজের সিদ্ধান্তের যৌক্তিকতা প্রমাণ করলেন তিনি। প্রথম সেটে ফেরারের উপর আধিপত্য বিস্তার করলেও দ্বিতীয় সেটে ছন্দপতন ঘটে। যার ফলশ্রুতিতে ৫-০ গেমে পিছিয়ে পড়ে শেষ পর্যন্ত ১-৬ গেমে সেটটি হাতছাড়া করেন। কিন্তু শেষ সেটের শুরুতেই ফেরারের সার্ভে পয়েন্ট তুলে নিয়ে এগিয়ে যান ফেদেরার। ৩-১ গেমে এগিয়ে থাকার সময় ফেরার ম্যাচে ফেরার সর্বোচ্চ চেষ্টা করলেও এই স্প্যানিয়ার্ডকে আর কোন সুযোগই দেননি ফেদেরার। ৬-২ গেমে শেষ সেট জিতে নিয়ে শিরোপা নিশ্চিত করেন তিনি। একই সঙ্গে নিশ্চিত হয়ে যায় ফেরারের বিরুদ্ধে গত ১১ বছর অপরাজিত থাকার রেকর্ডটি অক্ষুণ্নই রাখছেন ফেদেরার। প্রতিপক্ষের শ্রেষ্ঠত্ব বিনাদ্বিধায় মেনে নিয়েছেন ফেদেরারও, ‘আমি কখনই ফেদেরারকে পরাজিত করতে পারিনি, সে আমার বিপক্ষে সবসময়ই বেশ কঠিন। তবে বিশ্বের অন্যতম সেরা এই খেলোয়াড়ের বিপক্ষে খেলতে পারাটাই আমার জন্য দারুণ সৌভাগ্যের। এই শিরোপাটা ফেদেরারেই প্রাপ্য।’এই শিরোপা ২৫ আগস্ট থেকে শুরু হতে যাওয়া ইউএস ওপেনে ফেদেরারের আত্মবিশ্বাস বহুগুণে বাড়িয়ে দেবে সন্দেহ নেই। ফলে এই কিংবদন্তীর অষ্টাদশ গ্র্যান্ডস্ল্যাম শিরোপার বিষয়ে ভক্তরা এবার আশান্বিত হতেই পারেন। উল্লেখ্য, বছরের তৃতীয় গ্র্যান্ডস্ল্যাম উইম্বলডনের ফাইনালে নোভাক জোকোভিচের কাছে হেরে যান ফেদেরার।