এশিয়ান গেমস প্রস্তুতি

পুলিশের সাথে প্রস্তুতি ম্যাচ খেলবেন অনূর্ধ্ব-২৩ ফুটবলাররা

আপডেট : ১৮ আগস্ট ২০১৪, ২২:১২
বাংলাদেশ অনূর্ধ্ব ২৩ ফুটবল দল এশিয়ান গেমসে অংশ নিতে যাওয়ার আগে আগামীকাল বুধবার তৃতীয় প্রস্তুতি ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ পুলিশ অ্যাথলেটিক দলের বিরুদ্ধে। চলতি বছরেই দ্বিতীয় বিভাগ চ্যাম্পিয়ন হয় দলটি। দৃশ্যত খেলার জন্য শক্তিশালী দল মিলছে না বলেই বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) দেশীয় ফুটবলের বিচারে তৃতীয় সারির একটি দলের বিরুদ্ধে এশিয়াডগামী ফুটবলারদের খেলাতে যাচ্ছে। বিকেএসপির মাঠে প্রস্তুতি ম্যাচটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ জাতীয় দলের প্রধান ডাচ কোচ লোডউ্ইক ডি ক্রুইফের বাবা অসুস্থ থাকায় তিনি গতকাল দেশে চলে গেছেন। তার অবর্তমানে প্রধান কোচের দায়িত্ব পালন করছেন সহকারী কোচ রেনে কোস্টার। এক সপ্তাহ ছুটি কাটিয়ে রবিবার দেশে ফেরার কথা রয়েছে ক্রুইফের। কলকাতা যাচ্ছে কাবাডি দল এশিয়ান গেমসের প্রস্তুতি ম্যাচ খেলতে কলকাতা যাবে বাংলাদেশ কাবাডি দল। ৪/৫টি প্রস্তুতি ম্যাচ খেলতে ৬ সেপ্টেম্বর সেখানে যাবে দলটি। অন্যদিকে প্রস্তুতি ম্যাচ খেলতে বাংলাদেশে আসবে কলকাতা মহিলা কাবাডি দল। চলতি মাসের শেষ সপ্তাহে তাদের ঢাকায় আসার কথা রয়েছে। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম এ তথ্য জানিয়ে বলেন, এশিয়ান গেমসে অংশ নেয়ার আগে বাংলাদেশ কাবাডি দলের খেলোয়াড়দের প্রশিক্ষণের জন্য ভারতের ইস্টার্ন রেলওয়ের প্রধান দুই কোচ শেখ মোহন মন্ডল ও বনানী সাহাকে আনা হচ্ছে। তারা এখন ভিসার অপেক্ষায় আছেন। আশা করছি ১৯ আগস্ট ভিসা হাতে পেয়ে যাবেন। ভিসা পেলেই ২০ আগস্ট বাংলাদেশে চলে আসবেন কোচদ্বয়।