বাংলাদেশ যুব হকি দল ন্যানজিং যুব অলিম্পিকের হকিতে নিজেদের দ্বিতীয় খেলায় অস্ট্রেলিয়ার কাছে ২-৫ গোলে হেরেছে। এর আগে গত রবিবার প্রথম খেলায় স্পেনের কাছে ১-৯ গোলে হারে বাংলাদেশের যুবারা।
চীনের ন্যানজিংয়ের ওয়াইওজি স্পোর্টস পার্ক মাঠে পুল ‘এ’র চার ম্যাচের মধ্যে দুটিতেই হেরে যাওয়ায় টুর্নামেন্টে টিকে থাকা অনিশ্চিত হয়ে পড়েলো বাংলাদেশ দলের। খেলার ১০, ১৭ ও ২০ মিনিটে পরপর তিন গোল করে এগিয়ে যায় অস্ট্রেলিয়া। জবাবে ২০ ও ২৫ মিনিটে গোল করে বাংলাদেশের ব্যবধান কমান দ্বীন ইসলাম ইমন ও মো. নাঈম উদ্দিন। ২৯ ও ৩০ মিনিটে ফের দুই গোল দেয় অস্ট্রেলিয়া। দ্বিতীয় রাউন্ডে ওঠার আশা জিইয়ে রাখতে হলে আজ ও আগামীকাল নিজেদের তৃতীয় ও চতুর্থ খেলায় যথাক্রমে কানাডা ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে বাংলাদেশকে জিততেই হবে।
