নারী কনস্টেবলের প্রেমের ফাঁদে ধরা পড়লো হত্যা মামলার দুই আসামি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে।
গ্রেফতারকৃত বশির গাজীর (২৬) বাড়ি গলাচিপা এবং আল-আমিন ঘরামী (২২) পটুয়াখালী সদরের বাসিন্দা। দুই জনই নগরীর ফকিরবাড়ি এলাকার অটো রিক্সাচালক রাসেল সিকদার (২৫) হত্যা মালার আসামি। বাকেরগঞ্জ থানা পুলিশ গতকাল সোমবার দুপুরে তাদের গ্রেফতার করে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মাজেদ সিকদারের ছেলে রাসেল সিকদার গত ২২ জুলাই বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। ১০ দিন পর উপজেলার নন্দপাড়া এলাকায় মালখানা পুকুর পাড় থেকে গলায় গামছা পেঁচানো অবস্থায় রাসেলের মৃতদেহ উদ্ধার করা হয়। ঐ দিনই রাসেলের ছোট ভাই বাদি হয়ে থানায় হত্যা মামলা করেন। মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে পুলিশ হত্যকারী সম্পর্কে নিশ্চিত হয়ে থানার এক নারী কনস্টেবলকে দিয়ে বশির গাজীর সাথে প্রেমের ফাঁদ পাতে। বশিরকে গলাচিপা উপজেলা সদর থেকে আটক করা হয়। তার কাছ থেকেই নিহত রাসেলের অটো রিক্সাটিও উদ্ধার করা হয়। বশিরের দেয়া তথ্য অনুযায়ী রূপাতলী এলাকা থেকে আল-আমিনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মঙ্গলবার আদালতে সোপর্দ করা হবে।
