একমাস পর গতকাল সোমবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ক্যাম্পাস খুলেছে। গতকাল ক্যাম্পাস খুললেও প্রাণচাঞ্চল্য ছিল কম। এর আগে রবিবার বিশ্ববিদ্যালয়ের দুটি হল খুলে দেয়া হয়।
ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে গত ১৪ জুলাই বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে খুন হন পরিবেশ বিজ্ঞান বিভাগের ছাত্র রিয়াদ। এ নিয়ে ক্যাম্পাসে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হলে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ এবং ১৫ জুলাই শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেন কর্তৃপক্ষ। ঈদের পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জরুরি সভা করে ১৮ আগস্ট বন্ধ ক্যাম্পাস খোলার সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্ত অনুযায়ী গতকাল ক্যাম্পাস খুলে দেয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা জানান, স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে বিশ্ববিদ্যালয়ে পরিবেশ। গতকাল ক্যাম্পাস খোলা হলে শিক্ষার্থীরা, শহীদ মশিয়ূর রহমান হল ও শেখ হাসিনা হলে উঠতে শুরু করেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার আনিসুর রহমান।
