কল্পনা করুন তো, যদি আপনার ১০১তম জন্মদিনের দিনটি যদি আপনি দিব্যি বেঁচে বর্তে থাকেন তাহলে কী করে কাটাবেন সেই দিনটা? এই প্রশ্নের উত্তরটা অধিকাংশ মানুষের জন্যই হয়তো কল্পনা করা শক্ত। আর যারা নিজেদের সুস্বাস্থ্যের ওপর আস্থা রেখে একটু আধটু কল্পনা করতে পারবেন তাদের অধিকাংশও হয়তো আত্মীয়-পরিজন নিয়ে অবসরে সুস্থ একটা সময় কাটানোরই পরিকল্পনা করবেন। তবে যুক্তরাষ্ট্রের শতবর্ষী হারম্যান গোল্ডম্যানের জন্য কিন্তু এই ধরে নেওয়া গল্পটাই বাস্তব হয়েছে অন্যভাবে। কোনো ওল্ডহোম, হাসপাতাল বা অবকাশ কেন্দ্রে নয়, বরং হারম্যান তার ১০১ তম জন্মদিনটি বেশ ভালোভাবেই কাটিয়েছেন তার কর্মস্থলে। আর তার চাইতেও মজার বিষয় হলো, সেই ১৯৪১ সাল থেকে শুরু করে মাঝের অল্প কিছুটা সময় বাদে গেল ৭৩ বছর ধরেই কিন্তু তিনি কাজ করছেন এই স্টোরটিতে। কাজেই এখনকার অস্থিরচিত্ত অনেক চাকুরের জন্য শিক্ষা হতে পারে হারম্যানের এই উদাহরণটিও। নিউ জার্সি অঙ্গরাজ্যের ইস্ট হ্যানোভারে অবস্থিত লাইট ফিক্সচার কোম্পানি ‘ক্যাপিটল লাইটিং’ নামের এই স্টোরটির কর্তাব্যক্তিরা জানিয়েছেন, সেই ১৯৪১ সালে মামুলি একজন সেলসম্যান এবং ডিসপ্লে ক্লিনার হিসেবেই যোগ দিয়েছিলেন হারম্যান। তবে দীর্ঘ পথ পরিক্রমায় স্টোরটির আরও বহু ভূমিকাতেই কাজ করেছেন তিনি। আর এখন এই ১০১ এ পা দিয়েও তিনি দিব্যি কাজ করছেন নষ্ট বা ব্যবহারের অযোগ্য বিভিন্ন সামগ্রী মেরামতের বিশেষজ্ঞ হিসেবে। মাঝে দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য আমেরিকার সেনাবাহিনীতে কিছুদিন কাজ করলেও যুদ্ধ থেকে ফিরে এসে পুনরায় ‘ক্যাপিটল লাইটিং’ নামের এই দোকানটিতেই যোগ দেন তিনি। অন্যদিকে সহকর্মীরা জানিয়েছে, বছর খানেক আগেও সবাইকে ১০০ বছর বয়সে অবসর নেবার কথা বলতেন হারম্যান। তবে কাজকে ভালোবেসে সেই সিদ্ধান্ত গেল বছরই পাল্টে ফেলেছেন, থেকে গেছেন তার জীবনের প্রায় পুরোটা জুড়ে থাকা এই স্টোরটিতেই। আর কাজের প্রতি এই ভালোবাসার সম্মানটুকু সহকর্মীরা তাকে যথার্থভাবেই দিয়েছেন ঘটা করে কর্মস্থলেই ১০১ তম জন্মদিন উদ্যাপনের মধ্য দিয়ে।
