সময়ের পরিবর্তনের সাথে সাথে পরিবর্তন হচ্ছে মানুষের মনমানসিকতা আর পেশার। সচেতন মানুষ সময়োপযোগী পেশা বেছে নিতে অনেক তত্পর। পেশা হিসেবে সাংবাদিকতা বর্তমান প্রজন্মের অন্যতম পছন্দের। কারণ সাংবাদিকতার মাঠ এখন অনেক বিস্তৃত।
একটা সময় ছিল যখন সাংবাদিকতা শুধু খবরের কাগজের গণ্ডির মধ্যেই আবদ্ধ ছিল। বর্তমান সময়ে সাংবাদিকতা তার পুরানো গণ্ডি পেরিয়ে অনেক দূর বিস্তৃত হয়েছে। সংবাদের গ্রহণযোগ্যতা ও পেছনের ভূমিকা উপস্থাপন এবং সংবাদের পেছনের সংবাদ খুঁজতে সংবাদপত্রের বিকল্প নেই। সাংবাদিকতার ক্ষেত্রে সংবাদপত্রই উত্কৃষ্ট স্থান। এর সাথে সংশ্লিষ্টরা হলেন সম্পাদক, উপ-সম্পাদক, সহকারী সম্পাদক, নগর ও বার্তা সম্পাদক, সিনিয়র রিপোর্টার, বৈদেশিক সংবাদদাতা, মফস্বল সংবাদদাতা, সাব এডিটর, ক্রীড়া সাংবাদিক, চিত্র সাংবাদিক, চীফ মেকাপম্যান এবং প্রুফ রিডার।
তবে পিছিয়ে নেই টিভি সাংবাদিকতাও। টিভি সাংবাদিকতা আর সংবাদপত্রের সাংবাদিকতার মূল কাজ এক হলেও টিভি সাংবাদিতার ধরন ভিন্ন। এখানে সাংবাদিককে ঘটনাস্থল থেকে তথ্য ও ছবি সংগ্রহ করে বিভিন্ন ঘটনার প্রতিবেদন তৈরি করতে হয়।
সাংবাদিকতায় পড়াশোনা ও প্রশিক্ষণের সুযোগ রয়েছে অনেক সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং প্রাইভেট প্রতিষ্ঠানে। তবে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়ও কোন অংশে পিছিয়ে নেই। ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (ইউডা) বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সর্বপ্রথম মিডিয়া ও সাংবাদিকতায় পাঠদান শুরু করে। বর্তমানে এখান কার শিক্ষার্থী সংখ্যা প্রায় ২০০ জন। আড্ডা, পড়াশোনা কিংবা লেখালেখি সব কিছুতেই এগিয়ে আছে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বর্তমানে নবীন ছাত্রছাত্রীর পদচারণায় মুখরিত কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্ট্যাডিজ বিভাগ। গণযোগাযোগ ও গণমাধ্যম নিয়ে যোগাযোগ ও গণমাধ্যম বিভাগে রয়েছে চার বছর মেয়াদী অনার্স এবং পরে এক বছর মেয়াদী মাস্টার্স ডিগ্রি। সাংবাদিকতা একটি বাস্তবমুখী পেশা হওয়ায় এ ক্ষেত্রে হাতে কলমে শিক্ষাদানের কোনো বিকল্প নেই। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে হাতে কলমে শিক্ষার সুযোগ অনেকটাই অপ্রতুল। আর এ অপ্রতুলতার কথা মাথায় রেখে ছাত্রছাত্রীদের পেশাদার মিডিয়াকর্মী গড়তে রাখা হয়েছে আধুনিক ভিডিও এডিটিং ল্যাব, সমৃদ্ধ লাইব্রেরী। এতে ছাত্রছাত্রীদের হাতে কলমে শিক্ষাদান করা হয়।
এই বিভাগের সহকারী অধ্যাপক এম মাহবুব আলম বলেন, প্রতিযোগিতামূলক বাজারে পেশা হিসেবে সাংবাদিকতা নিজের জায়গা পাকা করে নিয়েছে। পড়াশোনার বিষয় হিসেবে সাংবাদিকতা শিক্ষার্থীদের পছন্দের তালিকায় শীর্ষ স্থান অর্জন করতে পেরেছে। আমাদের শিক্ষার্থীরা ভালো করছে। আশা করি তারা সবার সেরা হবে। প্রত্যাশা করছি, পাস করে বিভিন্ন স্বনামধন্য মিডিয়া হাউসে ক্যারিয়ার গড়বেন তারা।
