সম্পর্ক আছে বলে ভারতের দাসত্ব মেনে নেব না:আমু

আপডেট : ১৯ আগস্ট ২০১৪, ২১:০১
আওয়ামী লীগের প্রবীণ নেতা ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি বলেছেন, ভারতের সাথে আমাদের ভাল সম্পর্ক আছে বলে তাদের দাসত্ব মেনে নেব না। আমাদের স্বার্থ আমরা আদায় করে আনবো। সোমবার বিকালে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউট মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে শ্রমিক লীগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি আরো বলেন, বিএনপিসহ যে সকল স্বাধীনতা বিরোধী অপশক্তি দেশকে এগিয়ে নিয়ে যেতে বাধা দেবে তাদের রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে। আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেন, বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের বিষদাঁত উপড়ে ফেলতে হবে। জিয়াউর রহমান কখনো মুক্তিযোদ্ধা ছিলেন না মন্তব্য করে তিনি বলেন, তিনি চাপে পড়ে মুক্তিযুদ্ধে গিয়েছিলেন। হানিফ বলেন, জিয়া ক্ষমতায় এসে ১১ হাজার যুদ্ধাপরাধীকে জেল থেকে মুক্তি দিয়েছিলেন। কুখ্যাত গোলাম আজমকে দেশে ফিরিয়ে এনে নাগরিকত্ব দেন। যুদ্ধাপরাধী আব্দুল আলীমকে তিনি মন্ত্রী বানান। এগুলো কিসের জন্য? একমাত্র পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়নের জন্য তিনি এগুলো করেন। শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, সংগঠনের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামসহ শ্রমিক লীগের নেতৃবৃন্দ।